যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬, বৃহস্পতিবার ১৪ শ্রাবণ ১৪৩৩

‘নগদ’ বিক্রি নিয়ে গুজব ভিত্তিহীন, তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬, ০৪:৪১ AM

‘নগদ’ বিক্রি নিয়ে গুজব ভিত্তিহীন, তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, রাষ্ট্রায়ত্ত মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ‘নগদ’ বিক্রি নিয়ে যে গুজব ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।

তিনি এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে গণমাধ্যমকেও তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের অনুরোধ করেন। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিসের উদ্বোধন এবং ২০২৫–২৬ অর্থবছরে অর্জিত মুনাফা থেকে ১৮ কোটি ৫৭ লাখ টাকা ডাক অধিদপ্তরের কাছে হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে ‘নগদ’-এর সরকারি ব্যবস্থাপনা অব্যাহত থাকবে। সরকারের লক্ষ্য রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে আরও দক্ষ, লাভজনক ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে পরিণত করা।

ফকির মাহবুব আনাম বলেন, ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস নতুন কোনো ধারণা নয়; বিশ্বের বিভিন্ন দেশে এ ব্যবস্থা সফলভাবে পরিচালিত হচ্ছে। বাংলাদেশেও এই উদ্যোগের মাধ্যমে ডাকসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। তিনি উদ্যোক্তাদের এই কার্যক্রমে যুক্ত হতে উৎসাহিত করতে ব্যাপক প্রচারের ওপরও গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, পর্যায়ক্রমে দেশের সব ডাকঘরকে ফ্র্যাঞ্চাইজি মডেলে পরিচালনার সুযোগ সৃষ্টি করা হবে। এর ফলে নাগরিক সেবার পরিধি যেমন বাড়বে, তেমনি কর্মসংস্থান ও নতুন ব্যবসার সুযোগও তৈরি হবে।

নগদের মুনাফার চেক গ্রহণের পর মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে অগ্রগতি অর্জন করেছে এবং নগদের মুনাফা সেই অগ্রগতির একটি উদাহরণ। তিনি বলেন, ডাক বিভাগের আধুনিকায়ন, নগদের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আরও জনবান্ধব করা হবে।

তিনি আরও বলেন, দেশের ৯ হাজারের বেশি ডাকঘরকে আধুনিক সেবাকেন্দ্রে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে প্রত্যন্ত অঞ্চলের মানুষও সহজে ডিজিটাল ও আর্থিক সেবা পেতে পারেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি বলেন, ডাক বিভাগের সঙ্গে নগদের অংশীদারত্ব সরকারের রাজস্ব ও ডাক বিভাগের আয় বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছে। তিনি প্রযুক্তিনির্ভর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে সরকারের অঙ্গীকারের কথাও তুলে ধরেন।

ডাক বিভাগ সূত্রে জানানো হয়, প্রথম পর্যায়ে ঢাকায় চারটি এবং ঢাকার বাইরে আরও চারটি ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস চালু করা হচ্ছে। পর্যায়ক্রমে এ কার্যক্রম দেশের অন্যান্য এলাকাতেও সম্প্রসারণ করা হবে।

অনুষ্ঠান শেষে মন্ত্রী ডাক বিভাগের এজেন্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা আলোচনা করে সমাধানের আশ্বাস দেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!