যুক্তরাষ্ট্র   শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার ২৬ ভাদ্র ১৪৩৩

এমবাপ্পেকে টপকে ইয়ামালের নতুন ইতিহাস

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ AM

১৪
এমবাপ্পেকে টপকে ইয়ামালের নতুন ইতিহাস

রেকর্ড গড়াকে যেন অভ্যাসে পরিণত করেছেন লামিন ইয়ামাল। উয়েফা চ্যাম্পিয়নস লিগে একের পর এক নজির গড়ে চলেছেন বার্সেলোনার এই তরুণ উইঙ্গার। এবার ২০ বছর বয়স পূর্ণ হওয়ার আগেই চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি গোল অবদানের রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি।

চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের প্রথম ম্যাচে ফেয়েনুর্দের বিপক্ষে ৫–১ গোলের বড় জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে দলের হয়ে দারুণ এক ফ্রি-কিক থেকে গোল করার পাশাপাশি সতীর্থের একটি গোলেও সহায়তা করেন ১৯ বছর বয়সী ইয়ামাল।

ফুটবল পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান ‘অপটা জো’-এর তথ্য অনুযায়ী, চ্যাম্পিয়নস লিগে ইয়ামালের গোল অবদান এখন ২১টি। এর মধ্যে তিনি করেছেন ১১ গোল, আর সতীর্থদের দিয়ে করিয়েছেন ১০টি।

এর ফলে ২০ বছর বয়স পূর্ণ হওয়ার আগেই চ্যাম্পিয়নস লিগে ২০ গোল অবদানের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের রেকর্ড ছাড়িয়ে গেলেন ইয়ামাল। নতুন রেকর্ডটি এখন স্প্যানিশ এই তরুণের দখলে।

তবে ফেয়েনুর্দের বিপক্ষে ম্যাচে শুধু গোল ও অ্যাসিস্টেই ইতিহাস গড়েননি ইয়ামাল। ম্যাচের ৭১তম মিনিটে রাফিনিয়া মাঠ ছাড়ার পর তাঁর হাতে তুলে দেওয়া হয় বার্সেলোনার অধিনায়কের আর্মব্যান্ড।

এর মধ্য দিয়ে বার্সেলোনার ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে অধিনায়কত্ব করার কীর্তিও গড়েছেন ইয়ামাল। মাত্র ১৯ বছর বয়সেই ক্লাবটির অধিনায়কত্বের আর্মব্যান্ড হাতে ওঠে তাঁর।

চ্যাম্পিয়নস লিগে গোল অবদান এবং বার্সেলোনার অধিনায়কত্ব—এক ম্যাচেই দুটি বিরল কীর্তি গড়ে আবারও নিজের সামর্থ্যের জানান দিলেন ইয়ামাল।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!