চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ৭১ দিনে দেশে ৬৭৩ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এ আয় বেড়েছে ১৬ দশমিক ৪ শতাংশ। এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে প্রায় ৯৫ কোটি ডলার।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৬৭৩ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৫৭৮ কোটি ডলার।
সেপ্টেম্বরেও রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি মাসের প্রথম আট দিনে দেশে এসেছে ৯০ কোটি ৪০ লাখ ডলার। গত বছরের সেপ্টেম্বরের একই সময়ে এসেছিল ৮৮ কোটি ১০ লাখ ডলার। সে হিসাবে এ সময়ে রেমিট্যান্স বেড়েছে ২ দশমিক ৭ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ৮ সেপ্টেম্বর এক দিনেই দেশে ১৩ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।
রেমিট্যান্সের ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলছে। পাশাপাশি বৈদেশিক লেনদেন ও সামগ্রিক বহিঃখাতের স্থিতিশীলতা বজায় রাখতেও প্রবাসী আয়ের এই প্রবৃদ্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!