যুক্তরাষ্ট্র   শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার ২৬ ভাদ্র ১৪৩৩

চুরি হওয়া ৫২ মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিল এসএমপি

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ AM

চুরি হওয়া ৫২ মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিল এসএমপি

সিলেট মেট্রোপলিটন এলাকার ছয়টি থানায় করা ৫১০টি সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করে চুরি ও হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ডিবি-সাইবার ক্রাইম ইউনিট। পরে উদ্ধার করা এসব মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে এসএমপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।

পুলিশ জানায়, বিভিন্ন সময়ে মোবাইল ফোন চুরি বা হারিয়ে যাওয়ার ঘটনায় ভুক্তভোগীরা সংশ্লিষ্ট থানায় জিডি করেছিলেন। এসব জিডি তথ্যপ্রযুক্তির সহায়তায় পর্যালোচনা করে মোবাইল ফোনগুলোর অবস্থান শনাক্ত করা হয়। পরে পুলিশের বিশেষ ইউনিট ও সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় ফোনগুলো উদ্ধার করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মোবাইল ফোন উদ্ধার টিম গঠনের পর থেকে এখন পর্যন্ত মোট ৩২৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

অনুষ্ঠানে এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বলেন, ৫১০টি জিডি বিশ্লেষণ করে ডিবির টিম এখন পর্যন্ত ৫২টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছে। উদ্ধার করা ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করতে পারায় এটি আনন্দের বিষয়।

তিনি বলেন, ‘প্রযুক্তির সহায়তা, আমাদের দক্ষতা এবং আপনাদের কাছ থেকে পাওয়া তথ্য—এই তিনটি বিষয়ের সমন্বয়ে একটি ঘটনার রহস্য উদ্‌ঘাটন করা সম্ভব হয়। এভাবেই আমরা মোবাইল ফোনগুলো উদ্ধার করেছি।’

পুরোনো মোবাইল কেনার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ

চুরি যাওয়া বা অপরাধে ব্যবহৃত মোবাইল ফোন কেনার ঝুঁকি এড়াতে জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ।

পুলিশ বলেছে, ব্যবহৃত মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস কেনার সময় সামান্য অসতর্কতা থেকেও আইনি জটিলতায় পড়তে হতে পারে। তাই পুরোনো ডিভাইস কেনাবেচার ক্ষেত্রে বিক্রেতার পরিচয় ও বৈধ কাগজপত্র যাচাই করতে হবে। একই সঙ্গে কেনার রসিদ বা মেমো সংরক্ষণ এবং ডিভাইসের বক্সে থাকা আইএমইআই নম্বরের সঙ্গে সেটে প্রদর্শিত প্রকৃত আইএমইআই নম্বর মিলিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া রাস্তাঘাটে অপরিচিত ব্যক্তির কাছ থেকে কিংবা ফেসবুকসহ অনলাইন প্ল্যাটফর্মে অস্বাভাবিক কম দামে মোবাইল ফোন বা অন্য কোনো ডিভাইস না কেনার আহ্বান জানিয়েছে পুলিশ। এতে চোরাই বা অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট ডিভাইস কেনার ঝুঁকি এড়ানো সম্ভব হবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!