বাংলাদেশ–ভারত ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। এবার নারী এশিয়া কাপের সেমিফাইনালে সেই উত্তেজনাই ফিরছে। আজ বৃহস্পতিবার ভারতের বিপক্ষে মাঠে নামছে নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ।
দুর্দান্ত ফর্মে থাকা ভারতের বিপক্ষে বাংলাদেশের জন্য কাজটা কঠিনই। বিশেষ করে ব্যাটিংয়ে কিছুটা ছন্দহীনতা নিয়ে সেমিফাইনালে ওঠা বাংলাদেশকে লড়তে হবে শক্তিশালী ভারতীয় দলের বিপক্ষে। তবে ম্যাচের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ দলের পেসার মারুফা আক্তার।
বিসিবির প্রকাশিত এক ভিডিও বার্তায় মারুফা বলেন, ‘আলহামদুলিল্লাহ অনেক খুশি যে আমরা সেমিতে উঠেছি। সামনে ভারতের সঙ্গে ম্যাচ। যদি আমরা তাদের সঙ্গে জিততে পারি, তাহলে ইনশাআল্লাহ ফাইনালে উঠব। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
নিজের পারফরম্যান্স নিয়েও দোয়া চেয়েছেন এই পেসার। তিনি বলেন, ‘আমি যেভাবে দলকে সাপোর্ট করে যাচ্ছি, সবাই দোয়া করবেন যেন এভাবেই সাপোর্ট করে যেতে পারি। সঙ্গে আমার যে সিনিয়র আপুরা আছেন, তাঁরাও যেন দলকে সাপোর্ট করে যেতে পারেন। আপনারা দোয়া রাখবেন আমাদের জন্য, যেন ভারতের সঙ্গে ম্যাচটা আমরা ভালোভাবেই শেষ করতে পারি।’
ইন্দোনেশিয়াকে হারিয়ে এবারের এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে যায় তারা। ফলে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি হয়ে ওঠে বাঁচা-মরার লড়াই। সেই ম্যাচে হারলেই বিদায় নিতে হতো বাংলাদেশকে, জয় পেলেই মিলত সেমিফাইনালের টিকিট।
এমন গুরুত্বপূর্ণ ম্যাচে আগে ব্যাটিং করে ২০ ওভারে ১০৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে বোলারদের দাপটে ম্যাচটি নিজেদের করে নেয় জ্যোতির দল। রাবেয়া খান ৩ উইকেট নেন। মারুফা আক্তার ও নাহিদা আক্তার নেন ২টি করে উইকেট। তাঁদের বোলিংয়ের সামনে ৯ উইকেটে ৬৯ রানের বেশি করতে পারেনি আরব আমিরাত।
এই জয়ের পরই সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। এবার ফাইনালের টিকিট নিশ্চিত করতে তাদের সামনে শক্তিশালী ভারত।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!