সাইবার ট্রাকের উৎপাদন বন্ধের সিদ্ধান্ত টেসলার
বিক্রি প্রত্যাশা অনুযায়ী না হওয়ায় বৈদ্যুতিক পিকআপ ট্রাক সাইবার ট্রাকের উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। ২০২৭ সালের মাঝামাঝি যুক্তরাষ্ট্রের টেক্সাসের কারখানায় গাড়িটির উৎপাদন বন্ধ করা হতে পারে। এর পরিবর্তে চালকবিহীন ট্যাক্সি সাইবার ক্যাবের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। তিনি জানান, সাইবার ট্রাকের উৎপাদন কমিয়ে কারখানায় সাইবার ক্যাব তৈরির সক্ষমতা বাড়ানো হবে। তবে সাইবার ট্রাকের উৎপাদন অন্য কোনো কারখানায় সরানো হবে, নাকি পুরোপুরি বন্ধ করা হবে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
২০১৯ সালে প্রথমবার সাইবার ট্রাকের নকশা প্রকাশ করে টেসলা। অস্বাভাবিক কৌণিক নকশা ও স্টেইনলেস স্টিলের বহিরাবরণের কারণে শুরু থেকেই গাড়িটি আলোচনায় ছিল। ২০২৩ সালের শেষ দিকে গ্রাহকদের কাছে গাড়িটির সরবরাহ শুরু হয়। তখন বছরে আড়াই লাখ সাইবার ট্রাক বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন ইলন মাস্ক।
তবে সেই লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। গাড়িবিষয়ক তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেলি ব্লু বুকের হিসাব অনুযায়ী, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে ২০ হাজার ২৩৭টি সাইবার ট্রাক বিক্রি করেছে টেসলা। আগের বছর ২০২৪ সালে বিক্রি হয়েছিল ৩৮ হাজার ৯৬৫টি। অর্থাৎ এক বছরের ব্যবধানে বিক্রি কমেছে ৪৮ শতাংশ।
নিরাপত্তা ও মান নিয়ে প্রশ্ন
বিক্রি কমার পাশাপাশি সাইবার ট্রাকের মান ও নিরাপত্তা নিয়েও সমালোচনা রয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, বাজারে আসার পর থেকে গাড়িটি ১১ বার প্রত্যাহার বা রিকলের মুখে পড়েছে। এসব ঘটনায় কিছু গাড়ি মেরামত করতে হয়েছে। আবার কয়েকটি সমস্যার সমাধান করা হয়েছে সফটওয়্যার হালনাগাদের মাধ্যমে।
ইউরোপের বাজারেও সাইবার ট্রাকের সম্ভাবনা সীমিত। গাড়িটির ধারালো স্টেইনলেস স্টিলের নকশা পথচারীদের নিরাপত্তাসংক্রান্ত ইউরোপীয় বিধিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে সেখানে গাড়িটির অনুমোদন পাওয়া কঠিন হয়ে পড়ে।
সাইবার ক্যাবে নজর টেসলার
সাইবার ট্রাকের পরিবর্তে এখন চালকবিহীন ট্যাক্সি সাইবার ক্যাবের দিকে বেশি মনোযোগ দিচ্ছে টেসলা। গাড়িটিতে প্রচলিত স্টিয়ারিং হুইল, প্যাডেল ও আয়না রাখা হয়নি। সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে চলার উপযোগী করে এটি তৈরি করা হচ্ছে।
গত সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের অস্টিনে সীমিত পরিসরে অর্থের বিনিময়ে সাইবার ক্যাবে যাত্রী পরিবহন শুরু হয়েছে। তবে গাড়িটির নিরাপত্তা মান ও অনুমোদন নিয়ে নিয়ন্ত্রক সংস্থাগুলোর পর্যালোচনা এখনো চলছে।
বিশ্লেষকদের মতে, সাইবার ট্রাকের উৎপাদন বন্ধের সিদ্ধান্ত টেসলার ব্যবসায়িক কৌশলে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। প্রতিষ্ঠানটি এখন বৈদ্যুতিক গাড়ির পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবট ও চালকবিহীন পরিবহন প্রযুক্তিতে বেশি গুরুত্ব দিচ্ছে।
তবে সাইবার ক্যাবের উৎপাদন এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। ফলে সাইবার ট্রাকের বিক্রি কমে যাওয়ার ঘাটতি নতুন এই প্রযুক্তির গাড়ি দিয়ে কতটা পূরণ করা সম্ভব হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!