যুক্তরাষ্ট্র   শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার ২৬ ভাদ্র ১৪৩৩

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: টেলিযোগাযোগ মন্ত্রী

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ AM

২৮
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: টেলিযোগাযোগ মন্ত্রী

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষার সুযোগ বাড়ানো এবং আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

আজ শনিবার টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ হলরুমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও সদস্যদের মধ্যে শিক্ষা বৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণের মাধ্যমে উপকারভোগীদের দৈনন্দিন জীবন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে। এসব উদ্যোগ তাঁদের স্বাবলম্বী হওয়ার পথও সহজ করবে।

ফকির মাহবুব আনাম বলেন, বাংলা ভাষার পাশাপাশি তরুণদের ইংরেজি, চীনা ও জাপানি ভাষা শেখার প্রতি গুরুত্ব দিতে হবে। জাপান ও চীনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মীদের কাজের সুযোগ রয়েছে। এ সুযোগ কাজে লাগাতে ভাষা শেখার পাশাপাশি নিজেদের সংস্কৃতি চর্চা আরও জোরদার করা প্রয়োজন।

তিনি বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ এবং চর্চাকে আরও গতিশীল করতে সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা হবে।

মাদক প্রসঙ্গে মন্ত্রী বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’। স্থানীয় প্রশাসনকে কঠোরভাবে মাদক নির্মূলে কাজ করতে হবে। যেখানে মাদক কারবারি ও মাদকসেবীদের পাওয়া যাবে, তাঁদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে।

তিনি আরও বলেন, মাদকের কারণে পরিবার ও সমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। তাই মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি অভিভাবক ও স্থানীয় জনগণকেও সচেতন ভূমিকা রাখতে হবে।

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান শামসুজ্জামান সুরুজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, খন্দকার মোতালিব হোসেন ও খুররম খান ইউসুফজি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার মহিউদ্দিন আহমদ।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!