বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রকে (টিটিসি) আধুনিকায়ন, প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণ এবং দেশ-বিদেশের শ্রমবাজারের উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলার আশ্বাস দিয়েছেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।
সোমবার (২ নভেম্বর) বগুড়া টিটিসি পরিদর্শনে গিয়ে প্রশিক্ষণ কার্যক্রমে ব্যবহারের জন্য সরকারি বরাদ্দকৃত একটি জিপ গাড়ির উদ্বোধন করেন তিনি। একই সঙ্গে দেশ-বিদেশ প্রকল্পের আওতায় ড্রাইভিং প্রশিক্ষণের জন্য একটি গাড়ি এবং বিদেশগামী কর্মীদের জন্য ফিঙ্গারপ্রিন্ট মেশিনের উদ্বোধন করেন সংসদ সদস্য।
পরে তিনি টিটিসির বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণকক্ষ ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় প্রতিষ্ঠানের প্রশিক্ষণ পরিবেশ, অবকাঠামো ও সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শন শেষে টিটিসির কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।
মতবিনিময় সভায় রেজাউল করিম বাদশা বলেন, বগুড়া দীর্ঘদিন উন্নয়নের ক্ষেত্রে প্রত্যাশিত গুরুত্ব পায়নি। এ অঞ্চলের তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে টিটিসির প্রশিক্ষণব্যবস্থা আরও আধুনিক ও যুগোপযোগী করা প্রয়োজন। দক্ষ জনশক্তি গড়ে তুলতে প্রশিক্ষণসুবিধা সম্প্রসারণ এবং প্রয়োজনীয় আধুনিক সরঞ্জাম নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত এই প্রশিক্ষণকেন্দ্রকে আরও কার্যকর ও আধুনিক প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে তরুণ-তরুণীরা যেন দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ পান, সে লক্ষ্যে প্রশিক্ষণের মান উন্নয়নে গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, ড্রাইভিংসহ বিভিন্ন কারিগরি বিষয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে কাজের সুযোগ পাবেন। বিদেশে কর্মসংস্থানের মাধ্যমে তাঁরা নিজেদের আর্থিক অবস্থার উন্নয়নের পাশাপাশি দেশে রেমিট্যান্স পাঠিয়ে জাতীয় অর্থনীতিতেও অবদান রাখতে পারবেন। এ জন্য বাস্তবভিত্তিক প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী এস. এম. এমদাদুল হক, বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জাহিদুর রহমান হেলাল, জেলা বিএনপির সহ-তাঁতী বিষয়ক সম্পাদক ও জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক সিকান্দার আলী মুন্সীসহ টিটিসির বিভিন্ন ট্রেডের প্রশিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!