বিএনপি ক্ষমতার জোরে নয়, জনগণের শক্তির ওপর নির্ভর করে রাজনীতি করে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি এখন দেশের দায়িত্বে রয়েছে; তবে ক্ষমতার জোর দেখিয়ে দলটি কখনো রাজনীতি করেনি।
সোমবার রাজধানীর নয়াপল্টনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর তাদের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, বিরোধী দলগুলোকে গণতান্ত্রিক পরিবেশে কর্মসূচি পালনের সুযোগ দেওয়া হচ্ছে। সংসদের ভেতরে-বাইরে কথা বলা এবং রাজনৈতিক কর্মসূচি পালনের ক্ষেত্রেও তাদের বাধা দেওয়া হচ্ছে না বলে দাবি করেন তিনি।
বিরোধী দলের কর্মসূচি নিয়ে যা বললেন
রুহুল কবির রিজভী দাবি করেন, আগের সরকারের সময়ে বিরোধী দলের ঢাকা-রংপুর লং মার্চ বিভিন্ন স্থানে বাধার মুখে পড়ত। তাঁর ভাষ্য, বর্তমান সরকারের সময়ে বিরোধী দলের একই ধরনের কর্মসূচি টাঙ্গাইল ও বগুড়া হয়ে রংপুরে নির্বিঘ্নে পৌঁছেছে এবং পথে সভা হয়েছে।
দেশে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে দাবি করে তিনি বলেন, বিরোধী দল কর্মসূচি করলে তাতে আপত্তি নেই। তবে নতুন নেতৃত্বে আসা কিছু নেতা হুমকি-ধামকি, অশালীন ও মিথ্যা বক্তব্য এবং অপপ্রচারে যুক্ত হচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
বিরোধী দলের উদ্দেশে রিজভী বলেন, আজ যারা বিরোধী দলে, ভবিষ্যতে তারা সরকারেও যেতে পারে। সে ক্ষেত্রে দেশ পরিচালনার বিষয়ে তাদের বিকল্প পরিকল্পনা থাকা প্রয়োজন। বিশেষ করে বর্তমান জ্বালানি সংকট মোকাবিলায় তাদের কোনো বিকল্প প্রস্তাব থাকলে তা জানানোর আহ্বান জানান তিনি।
জ্বালানি সংকট নিয়ে রিজভীর বক্তব্য
রিজভী দাবি করেন, বর্তমান জ্বালানি সংকট বিএনপি সরকারের সৃষ্টি নয়; এর পেছনে বৈশ্বিক পরিস্থিতি রয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে দেশের জ্বালানি সরবরাহে সংকট তৈরি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, গ্যাস সরবরাহ কমে গেলে শিল্পকারখানা চালানো এবং বাসাবাড়িতে রান্নার কাজে সমস্যা হয়। সংকট মোকাবিলায় সরকার অতিরিক্ত ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ করে মিয়ানমার, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মতো দেশ থেকে গ্যাস ও এলএনজি আনার উদ্যোগ নিয়েছে।
একটি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে সমস্যা হয়েছিল জানিয়ে রিজভী বলেন, সেটি ঠিক করা হয়েছে। তাঁর দাবি, বর্তমানে গ্যাসের চাপ বেড়েছে এবং বিদ্যুৎ সংকটও ধীরে ধীরে কমছে।
‘বিএনপির খুঁটি জনগণ’
বিএনপিকে হুমকি দিয়ে ভয় দেখানো যাবে না বলে মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, দলটি দীর্ঘদিন রাজপথে আন্দোলন করেছে এবং দলের নেতা-কর্মীদের সঙ্গে রাজপথের দীর্ঘ সম্পর্ক রয়েছে।
তারেক রহমান জোর করে ক্ষমতায় আসেননি দাবি করে রিজভী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপি দীর্ঘদিন আন্দোলন করেছে। তাঁর ভাষ্য, জুলাইয়ের আন্দোলন ও আগস্টে শেখ হাসিনার পতন ছিল দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলনের বহিঃপ্রকাশ।
সরকারের খাল খনন কর্মসূচির প্রসঙ্গে রিজভী বলেন, পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও ২৫ হাজার কোটি গাছ লাগানোর কর্মসূচি নেওয়া হয়েছে। এর মাধ্যমে বরিশালের ‘ধান, নদী, খাল’–এর ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে দাবি করেন তিনি।
বিএনপির রাজনৈতিক ভিত্তি নিয়ে রিজভী বলেন, বিএনপি কোনো অবলম্বনহীন বা খুঁটিবিহীন দল নয়। তাঁর ভাষায়, বিএনপির ‘খুঁটি’ জনগণ এবং সেই জনসমর্থনই দলের প্রধান শক্তি।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!