যুক্তরাষ্ট্র   শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার ২৬ ভাদ্র ১৪৩৩

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীনকে প্রার্থী করার পথে এনসিপি

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ AM

৩০
ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীনকে প্রার্থী করার পথে এনসিপি

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী পরিবর্তনের পথে হাঁটছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলীয় সূত্র বলছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রার্থী করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

তবে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি দলটি। এনসিপির একাধিক নেতা জানিয়েছেন, আগামী দুই–তিন দিনের মধ্যে নতুন প্রার্থী তালিকা ঘোষণা করা হতে পারে।

এর আগে ঢাকা উত্তরে দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং দক্ষিণে মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম ঘোষণা করেছিল এনসিপি।

ভোটার এলাকাও পরিবর্তন

প্রার্থী পরিবর্তনের আলোচনার মধ্যে আসিফ মাহমুদ ও নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁদের ভোটার এলাকাও পরিবর্তন করেছেন। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের দেওয়া তথ্য অনুযায়ী, নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে দক্ষিণ সিটির ২১ নম্বর ওয়ার্ডে ভোটার হয়েছেন। অন্যদিকে আসিফ মাহমুদ দক্ষিণ সিটি থেকে উত্তর সিটির ৩৭ নম্বর ওয়ার্ডে ভোটার এলাকা স্থানান্তর করেছেন।

নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম-১৩–এর মাধ্যমে তাঁরা ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করেন। যাচাই-বাছাই ও প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়া শেষে আবেদন অনুমোদন করা হয়েছে বলে জানা গেছে।

আসিফ মাহমুদের নতুন ভোটার এলাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের আফতাবনগর এলাকায়। আর নাসীরুদ্দীন পাটওয়ারী আগে উত্তর সিটির উত্তরা এলাকার ভোটার ছিলেন; এখন তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় ভোটার হয়েছেন।

‘দুই-এক দিনের মধ্যে জানানো হবে’

প্রার্থী পরিবর্তনের বিষয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, ‘এটা আমরা দুই-এক দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে একটি প্রেস ব্রিফিং করব। সেখানে জানানো হবে।’

দলের যুগ্ম সদস্যসচিব ও আন্তর্জাতিক সেলের ইনচার্জ আলাউদ্দীন মোহাম্মদও প্রার্থী পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন। তিনি বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণে প্রাথমিকভাবে প্রার্থিতা দেওয়া হয়েছিল। সময়ের প্রয়োজনে সেখানে পরিবর্তন আসতে পারে। তবে এখনো বিষয়টি চূড়ান্ত হয়নি।

তাঁর ভাষ্য, দলের কয়েকজন নেতা সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ভোটার হয়েছেন। এটি প্রার্থী পরিবর্তনের একটি ইঙ্গিত হতে পারে। তবে তফসিল ঘোষণা এবং চূড়ান্ত মনোনয়ন দাখিলের আগ পর্যন্ত প্রার্থিতা পরিবর্তনের সুযোগ রয়েছে।

ছয় মাস আগের সিদ্ধান্তে পরিবর্তন

দলীয় সূত্র জানায়, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে প্রায় ছয় মাস আগে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের জন্য যে প্রার্থী ঠিক করেছিল এনসিপি, সেখান থেকে সরে আসার বিষয়টি এখন সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে।

চলতি বছরের ২৯ মার্চ স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে পাঁচটি সিটি করপোরেশনের মেয়র পদে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছিলেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তখন ঢাকা দক্ষিণে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং উত্তরে আরিফুল ইসলাম আদীবকে প্রার্থী করার কথা জানানো হয়েছিল।

এখন সেই সিদ্ধান্ত পরিবর্তন করে উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রার্থী করার বিষয়টি আলোচনায় রয়েছে।

এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, ‘হ্যাঁ, এরকম একটা পরিকল্পনা আছে। তবে আনুষ্ঠানিকভাবে আমরা দ্রুতই ঘোষণা দেব।’

দলের নেতারা বলছেন, প্রার্থী পরিবর্তনের বিষয়টি শুধু নির্বাচনকেন্দ্রিক নয়; নির্বাচনের মাধ্যমে দলীয় নেতা-কর্মীদের সক্রিয় করা এবং তৃণমূলে সংগঠন শক্তিশালী করাও এনসিপির অন্যতম লক্ষ্য।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!