সারাদেশে চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাস বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের জনরায় উপেক্ষা করা হয়েছে।
রোববার দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতিতে একটি বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলা প্রয়োজন, যা বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে কাজ করবে। “তারুণ্যের শক্তিকে ঐক্যবদ্ধ করে আমরা একটি বৃহত্তর জোট গড়ে তুলতে চাই,”—বলেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি জানান, বৈষম্যবিরোধী বর্তমান কমিটির নেতাসহ বিভিন্ন রাজনৈতিক পটভূমির ব্যক্তিরা এনসিপিতে যোগ দিচ্ছেন। এ সময় তিনি বলেন, “সাবেক রাজনৈতিক পরিচয় এখানে মুখ্য নয়। তবে চাঁদাবাজি, দুর্নীতি বা গুরুতর অপরাধে অভিযুক্তদের দলে জায়গা হবে না।”
বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, একটি দলের পরিবর্তে আরেকটি দল ক্ষমতায় এলেও কাঠামোগত পরিবর্তন হয়নি। “বিচার বিভাগসহ বিভিন্ন প্রতিষ্ঠান দলীয়করণ করা হচ্ছে এবং সংস্কারের সম্ভাবনা নষ্ট করা হচ্ছে,”—মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, তারা শুধু দল বা ব্যক্তি পরিবর্তন নয়, বরং রাষ্ট্রের ক্ষমতা কাঠামোর সামগ্রিক পরিবর্তন চান। এ লক্ষ্যে সব ধর্ম, মত ও শ্রেণি-পেশার মানুষকে নিয়ে একটি বৈষম্যহীন অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!