অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় রাখার লক্ষ্যে ‘ডিপ স্টেট’ একটি কৌশলগত প্রস্তাব দিয়েছিল বলে দাবি করেছেন সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)।
আসিফ মাহমুদ বলেন, দায়িত্ব পালনের শুরুর দিকে কিছু প্রভাবশালী প্রতিষ্ঠান থেকে তাদের কাছে প্রস্তাব আসে, যাতে অন্তর্বর্তী সরকার ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারে। তিনি বলেন, ওই প্রস্তাবে নির্দিষ্ট কিছু শর্ত ছিল এবং একটি রোডম্যাপও তুলে ধরা হয়।
তার ভাষ্য অনুযায়ী, প্রস্তাবে বলা হয়েছিল, বিভিন্ন মামলার কারণে বিরোধী দলের নেতাদের নির্বাচনে অংশগ্রহণ কঠিন হয়ে উঠতে পারে। আদালতের প্রক্রিয়া দীর্ঘায়িত করে সেই পরিস্থিতি বজায় রাখার বিষয়টিও কৌশলের অংশ হিসেবে উল্লেখ ছিল।
তিনি আরও বলেন, ওই পরিকল্পনার আওতায় রাজনৈতিক সমঝোতার মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার পথ দেখানো হয়েছিল। তবে তাদের সরকার সে প্রস্তাবে সায় দেয়নি।
আসিফ মাহমুদ দাবি করেন, গণতন্ত্রের প্রতি অঙ্গীকার থেকেই তারা নির্বাচন আয়োজন করেছেন এবং নির্বাচন প্রশ্নবিদ্ধ না করতে আগেভাগেই পদত্যাগ করেন।
তিনি বলেন, পরবর্তী সময়ে আগের সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজনকে নতুন সরকারে মন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা নির্বাচনে সমান সুযোগের পরিবেশ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিয়ে প্রশ্ন তৈরি করে। এ ধরনের পদক্ষেপ নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করেছে বলেও মন্তব্য করেন তিনি।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!