যুক্তরাষ্ট্র   শনিবার ১৪ নভেম্বর ২০২৬, শনিবার ২৯ কার্তিক ১৪৩৩

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ৫০ হাজার খামারিকে প্রশিক্ষণ দেবে সরকার : মন্ত্রী

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ AM

২৪
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ৫০ হাজার খামারিকে প্রশিক্ষণ দেবে সরকার : মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক খামার ব্যবস্থাপনা সম্প্রসারণে চলতি ২০২৬-২৭ অর্থবছরে ৫০ হাজার গবাদিপশু ও পোল্ট্রি খামারিকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এরই মধ্যে গত অক্টোবর পর্যন্ত ২০ হাজার ২৫৯ জন খামারিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

আজ জাতীয় সংসদে কিশোরগঞ্জ-১ আসনের সরকারি দলের সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলামের এক প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এ তথ্য জানান।

মন্ত্রী জানান, মৎস্যসম্পদ বৃদ্ধিতে সারাদেশের মৎস্যচাষিদের উৎসাহিত করতে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে দেশের ৪৮৮টি উপজেলা মৎস্য দপ্তরে দুই ব্যাচ করে মোট ৯৭৬ ব্যাচ প্রশিক্ষণের বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি বলেন, মৎস্য অধিদপ্তরের আওতাধীন উন্নয়ন প্রকল্পের বিভিন্ন প্যাকেজের মাধ্যমে প্রদর্শনী খামার স্থাপনে মৎস্যচাষিদের উপকরণ সহায়তা দেওয়া হয়ে থাকে।

প্রাণিসম্পদ খাতের উদ্যোগ তুলে ধরে মন্ত্রী বলেন, চলতি অর্থবছরে ৯ হাজার ৮৬০ জন মাংস প্রক্রিয়াজাতকারীকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে অক্টোবর পর্যন্ত ২ হাজার ৯২২ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

এছাড়া আধুনিক খামার ব্যবস্থাপনা ও জনস্বাস্থ্য সুরক্ষায় গবাদিপশু ও পাখি পালনকারীদের নিয়ে ৩২ হাজার উঠান বৈঠক আয়োজনের লক্ষ্যমাত্রা রয়েছে। এর মধ্যে অক্টোবর পর্যন্ত ১০ হাজার ৩২২টি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মন্ত্রী আরও জানান, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) গত তিন বছরে প্রায় ১ হাজার খামারি ও উদ্যোক্তাকে কারিগরি পরামর্শ দিয়েছে এবং প্রায় সাড়ে ৩ হাজার খামারিকে ঋণ প্রদান করেছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!