অভ্যন্তরীণ নৌপরিবহন খাতে নাবিক নিয়োগ, পেশাগত সুযোগ-সুবিধা বৃদ্ধি, নিয়মিত পরীক্ষা আয়োজন ও দুর্নীতি-অনিয়ম বন্ধসহ ৯ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ইনল্যান্ড মেরিন ইঞ্জিনিয়ার মাস্টার ড্রাইভার ঐক্য পরিষদ।
সংগঠনটির উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে, সার্ভে অনুযায়ী অবিলম্বে নাবিক নিয়োগ, ভারত লাইনে কর্মরত নাবিকদের ল্যান্ডিং পাস প্রদান এবং তাঁদের ফুড অ্যালাউন্স সর্বনিম্ন ২০০ টাকা নির্ধারণ।
এ ছাড়া সব শ্রেণির মাস্টার, ড্রাইভার ও ইঞ্জিনিয়ারের পরীক্ষা বছরে অন্তত একবার আয়োজন এবং ১২০ হর্সপাওয়ারের বেশি ক্ষমতাসম্পন্ন সব নৌযানে মাস্টার ও ড্রাইভার নিয়োগ বাধ্যতামূলক করার দাবি জানিয়েছে সংগঠনটি।
দাবিগুলোর মধ্যে আরও রয়েছে, ডিজি শিপিং, ইন্সপেক্টর ও মেরিন অফিসারদের বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, ভারত লাইনে কর্মরত নাবিকদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং নাবিকদের মৃত্যুকালীন ভাতা সর্বনিম্ন ১০ লাখ টাকা নির্ধারণ।
পাশাপাশি মাস্টার, ড্রাইভার ও ইঞ্জিনিয়ারদের সনদের মেয়াদ ৬০ বছর পূর্ণ হওয়ার পর আর নবায়ন না করার দাবিও তুলে ধরেছে সংগঠনটি।
সংগঠনটির দাবি, যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা সত্ত্বেও অনেক মেরিন ইঞ্জিনিয়ার, মাস্টার ও ড্রাইভার বেকার রয়েছেন। এ পরিস্থিতির অবসান এবং নৌপরিবহন খাতে কর্মরত নাবিকদের পেশাগত অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।
এ সময় সংগঠনটির পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ৯ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়। তাদের স্লোগান—‘আমাদের দাবি, আমাদের অধিকার; ঐক্যবদ্ধ হোন, লড়াই করুন।’
আয়োজনে: বাংলাদেশ ইনল্যান্ড মেরিন ইঞ্জিনিয়ার মাস্টার ড্রাইভার ঐক্য পরিষদ।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!