যুক্তরাষ্ট্র   শনিবার ১৪ নভেম্বর ২০২৬, শনিবার ২৯ কার্তিক ১৪৩৩

সর্বজনীন বাসস্থান ও টেকসই নগরায়ণ: বাংলাদেশে এসডিজি অর্জন ও নতুন সরকারের নীতিগত সংস্কার

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৬, ০৫:১৫ AM

১৪৮
সর্বজনীন বাসস্থান ও টেকসই নগরায়ণ:  বাংলাদেশে এসডিজি অর্জন ও নতুন সরকারের নীতিগত সংস্কার

৫ অক্টোবর বিশ্ব বসতি দিবস। প্রতি বছর অক্টোবরের প্রথম সোমবার বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়, যার মূল উদ্দেশ্য সবাইকে মনে করিয়ে দেওয়া—নিরাপদ ও মর্যাদাপূর্ণ বাসস্থান প্রতিটি মানুষের মৌলিক অধিকার। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (SDG) ১১ নম্বর গোলটিতে স্পষ্ট করে বলা হয়েছে, ‘টেকসই নগর ও সম্প্রদায় গড়ে তোলা’। অর্থাৎ, ২০৩০ সালের মধ্যে সকলের জন্য পর্যাপ্ত, নিরাপদ ও সাশ্রয়ী আবাসন এবং মৌলিক পরিষেবা নিশ্চিত করা। ২০২৬ সালের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে এবারের বিশ্ব বসতি দিবসের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে—"সর্বজনীন বাসস্থান ও টেকসই নগরায়ণ"। গণতান্ত্রিক রূপান্তরের পর নতুন নির্বাচিত সরকারের অধীনে বাংলাদেশ যখন তার রাষ্ট্রীয় ও কাঠামোগত সংস্কারের পথে হাঁটছে, তখন এই প্রতিপাদ্যটি আমাদের ভবিষ্যৎ নগর পরিকল্পনার জন্য এক অন্যতম দিকনির্দেশক।

অর্জনের খতিয়ান ও আশ্রয়ণ প্রকল্পের পুনর্মূল্যায়ন

বিগত বছরগুলোতে বাংলাদেশে প্রান্তিক মানুষের আবাসন নিশ্চিত করতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল। এর মধ্যে অন্যতম ছিল 'আশ্রয়ণ প্রকল্প', যার আওতায় লাখ লাখ ভূমিহীন পরিবারকে ঘর ও জমির মালিকানা দেওয়া হয়েছিল। তবে, নতুন সরকারের সূক্ষ্ম মূল্যায়ন ও নিরীক্ষায় এই প্রকল্পের ভেতরের কিছু বড় কাঠামোগত দুর্বলতা ও অনিয়ম সামনে এসেছে।

নতুন সরকারের ভাবনা অনুযায়ী, অনেক ক্ষেত্রেই আবাসন সাইট বা স্থান নির্বাচনের ক্ষেত্রে দূরদর্শিতার অভাব ছিল। নদীভাঙন এলাকা বা প্লাবনভূমিতে অপরিকল্পিতভাবে ঘর তোলার কারণে বর্ষাকালে বহু আশ্রয়ণ কেন্দ্র পানিতে তলিয়ে যায়। এছাড়া আশ্রয়ণ কেন্দ্রগুলো এমন স্খানে তৈরি করা হয়েছিলম যেখানে মানুষের  গমনাগমন দুঃসহ   ছিল। এবং তারা অনেকটা লোকালয় থেকে বিচ্ছিন্ন ছিল। তাদের প্রতিবেশী বলতে কেউ ছিল না। ফলে সেখানে অবস্খান করতে ভয়-ভীতি কাজ করত। এই প্রেক্ষাপটে নতুন সরকার আশ্রয়ণ প্রকল্পকে সম্পূর্ণ বাদ না দিয়ে একে আমূল সংস্কার ও প্রকৌশলগতভাবে টেকসই রূপান্তরের উদ্যোগ নিয়েছে। নতুন সরকারের লক্ষ্য হলো, শুধু "মাথার ওপর ছাদ" দেওয়াই শেষ কথা নয়, বরং সেখানে কর্মসংস্থান, টেকসই পরিবেশ এবং সঠিক নাগরিক পরিষেবা নিশ্চিত করে প্রকৃত 'সর্বজনীন বাসস্থান' গড়ে তুলতে হবে।

বিগত সরকারের আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো টেকসই নয় উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, এসব ঘরের বেশিরভাগেই মানুষ বসবাস করেন না এবং অনেক জায়গায় সেগুলো ভবঘুরেদের আড্ডাস্থলে পরিণত হয়েছে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জাকারিয়া তাহের এমপিসাম্প্রতিক এক নীতি নির্ধারণী সভায় এই রূপকল্প স্পষ্ট করে বলেন:

"বিগত দিনে আবাসনের নামে অনেক লোকদেখানো ও অপরিকল্পিত প্রজেক্ট করা হয়েছে, যেখানে গুণগত মান ছিল না। আমাদের নতুন সরকারের মূল লক্ষ্য হলো 'অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক উন্নয়ন'। আমরা আশ্রয়ণ প্রকল্পের ভুল ত্রুটিগুলো চিহ্নিত করে টেকসই সংস্কার করছি। কাউকেও রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বরং প্রকৃত সুবিধাবঞ্চিত ও জলবায়ু শরণার্থীদের অধিকার নিশ্চিত করা হবে।"

ড্যাপ (DAP) সংশোধন ও নতুন সরকারের আইনি সংস্কার

টেকসই নগরায়ণ নিশ্চিত করতে নতুন সরকার রাজধানী ঢাকা এবং তার চারপাশের অঞ্চলের জন্য করা বিশদ অঞ্চল পরিকল্পনা (DAP/ড্যাপ)-এর বড় ধরনের আইনি ও নীতিগত সংশোধন এনেছে। বিগত দিনে ড্যাপের ত্রুটিপূর্ণ জনঘনত্ব অঞ্চল নির্ধারণ এবং ঢালাও ফার (FAR) ফার (FAR) হলো ফ্লোর এরিয়া রেশিও (Floor Area Ratio), যার অর্থ জমির মোট ক্ষেত্রফলের অনুপাতে ভবনে নির্মাণযোগ্য মোট মেঝের ক্ষেত্রফলের অনুপাত। বৃদ্ধির ফলে ঢাকা ক্রমশ একটি কংক্রিটের ও অবাসযোগ্য জঙ্গলে পরিণত হচ্ছিল।

নতুন সরকার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (RAJUK)-এর মাধ্যমে ড্যাপের প্রজ্ঞাপনে বড় পরিবর্তন এনেছে। এর মধ্যে অন্যতম হলো—জলাভূমি, নদীর অববাহিকা এবং বন্যাপ্রবাহ অঞ্চল রক্ষায় আইনি বাধ্যবাধকতা কঠোর করা হয়েছে। এছাড়া, ভবনের উচ্চতা ও ঘনত্বের ক্ষেত্রে পরিবেশগত ভারসাম্য এবং নাগরিক সেবা প্রাপ্তির সক্ষমতাকে (যেমন: পানি, গ্যাস, ও ড্রেনেজ ব্যবস্থা) সূচক হিসেবে ধরা হয়েছে।

এই প্রসঙ্গে রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম  সম্প্রতি একটি সেমিনারে বলেন: "আমাদের প্রধান টেকনিক্যাল চ্যালেঞ্জ হলো পরিবেশের ভারসাম্য না মেনে জলাশয় ভরাট করে এবং ত্রুটিপূর্ণ ড্রেনেজ ডিজাইনে আবাসন গড়ে তোলা। আমরা যদি শহর ও প্রান্তিক অঞ্চলের ভবনের নকশায় জলবায়ু সহনশীলতা (Climate-resilience) এবং ড্যাপের আইন অনুযায়ী পানি নিষ্কাশনের প্রাকৃতিক পথ বা খালগুলোকে পুনরুদ্ধার না করি, তবে কোনো নগরায়ণই টেকসই হবে না। নতুন ড্যাপ সংশোধনের মাধ্যমে আমরা প্রকৌশলগত স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করছি।" তিনি এজন্য সংশ্লিষ্ট উন্নয়ন কাজে ইঞ্জিনিয়ারদের নিয়োগের উপরও জোর দেন।

শহরের বস্তিবাসী ও ভাসমান মানুষের আবাসন: সংকট ও সুনির্দিষ্ট সুপারিশ

নগরায়ণের সবচেয়ে অন্ধকার দিকটি হলো শহরের বস্তিবাসী এবং ভাসমান মানুষের মানবেতর জীবনযাপন। জাতীয় পরিচয়পত্রের (NID) ভিত্তিতে সরকার কড়াইল, সাততলা এবং ভাসানটেক বস্তির মতো বড় বড় বস্তিগুলোর জন্য নতুন এক মহাপরিকল্পনা হাতে নিয়েছে। তবে এসডিজি-১১ এবং সর্বজনীন বাসস্থানের লক্ষ্য পূর্ণাঙ্গ অর্জন করতে হলে নিম্নোক্ত সুনির্দিষ্ট সুপারিশমালা বাস্তবায়ন করা জরুরি: 

বহুতল সামাজিক আবাসন (Social Housing): শহরের মূল্যবান জমি নষ্ট না করে বস্তিবাসীদের জন্য একই স্থানে সরকারি-বেসরকারি উদ্যোগে (PPP) বহুতল ফ্ল্যাট নির্মাণ করতে হবে। নতুন সরকারের পরিকল্পনা অনুযায়ী, কড়াইল বস্তিসহ দেশের ৫৮টি স্থানে এক লাখ সাশ্রয়ী ফ্ল্যাট নির্মাণের যে রূপরেখা রয়েছে, তা দ্রুত বাস্তবায়ন করা দরকার। 

• প্রিপেইড ইউটিলিটি ও আইনি বৈধতা: বস্তিবাসীদের জন্য বৈধ উপায়ে পানি ও বিদ্যুতের প্রিপেইড মিটার সংযোগ দিতে হবে। এতে অবৈধ দখলদার বা মস্তানদের দৌরাত্ম্য কমবে এবং রাষ্ট্র বিপুল পরিমাণ রাজস্ব পাবে।

• ভাসমান মানুষের জন্য নাইট শেল্টার (Night Shelters): ঢাকা ও অন্য বড় শহরগুলোতে হাজার হাজার মানুষ ফুটপাতে রাত কাটায়। নতুন সরকারের উচিত সিটি কর্পোরেশনের মাধ্যমে প্রতিটি ওয়ার্ডে ভাসমান মানুষের জন্য রাতে থাকার নিরাপদ ব্যবস্থা ও কম খরচে ডরমিটরি বা নাইট শেল্টার নির্মাণ করা।

• কাজের জায়গার কাছাকাছি পুনর্বাসন: বস্তিবাসীদের শহর থেকে দূরে পুনর্বাসন করলে তাদের যাতায়াত খরচ বেড়ে যায় এবং কর্মসংস্থান হারায়। তাই 'ইন-সিটু' (In-situ) বা কর্মস্থলের কাছাকাছি এলাকায় তাদের আবাসনের ব্যবস্থা করতে হবে।

 

প্রতিবন্ধকতার দেয়াল: যেখানে পথ রুদ্ধ হচ্ছে

সাফল্যের সমান্তরালে বাংলাদেশের নগরায়ণ প্রক্রিয়া কিছু কাঠামোগত এবং পরিবেশগত প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছে, যা ২০৩০ সালের মধ্যে এসডিজি লক্ষ্যমাত্রা পূর্ণাঙ্গ অর্জনে বড় বাধা।

• অনিয়ন্ত্রিত ও দ্রুত নগরায়ণ: বাংলাদেশের নগরায়ণ প্রধানত ঢাকাকেন্দ্রিক। প্রতিদিন হাজার হাজার মানুষ কাজের সন্ধানে ঢাকায় আসছে। এই তীব্র জনচাপের কারণে আবাসন সংকট প্রকট আকার ধারণ করছে, যা টেকসই নগরায়ণের অন্তরায়।

• সাশ্রয়ী আবাসনের অভাব: মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের জন্য শহরের বুকে একটি নিজস্ব ফ্ল্যাট বা সাশ্রয়ী ভাড়ায় থাকার জায়গা খুঁজে পাওয়া এখন প্রায় অসম্ভব। আবাসন খাত মূলত উচ্চ-মধ্যবিত্ত বা ধনীদের বিলাসবহুল জীবনযাত্রাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে, যা এসডিজির ‘কাউকে পেছনে ফেলে নয়’ (Leave No One Behind) দর্শনের পরিপন্থী।

• জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি: বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান ভুক্তভোগী। নদীভাঙন, জলোচ্ছ্বাস এবং লোনা পানির আগ্রাসনের কারণে উপকূলীয় অঞ্চলের মানুষ বাধ্য হয়ে শহরে এসে ভিড় করছে। এই 'জলবায়ু শরণার্থী'দের পুনর্বাসন এবং তাদের জন্য টেকসই বসতি নিশ্চিত করা আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি। 

সরকারের সাম্প্রতিক উদ্যোগ ও জনসন্তুষ্টি:

ঢাকাসহ অন্যান্য মহানগরীর ফুটপাতগুলো মূলত সাধারণ নগরবাসীর নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে চলাচলের জন্য তৈরি। কিন্তু দীর্ঘদিন ধরে অবৈধ হকার ও অস্থায়ী দোকানপাটের দখলে থাকায় পথচারীদের মূল সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়, যা তীব্র যানজট এবং দুর্ঘটনার অন্যতম কারণ। এই পরিস্থিতি নিরসনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) বর্তমানে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করছে।

তবে নগর কর্তৃপক্ষ কেবল উচ্ছেদেই সীমাবদ্ধ থাকছে না; ফুটপাত দখলমুক্ত রাখার পাশাপাশি হকারদের নিয়মতান্ত্রিক শৃঙ্খলায় আনা এবং সুনির্দিষ্ট পুনর্বাসনের ওপরও জোর দেওয়া হচ্ছে। দুই সিটি কর্পোরেশনের পক্ষ থেকেই স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, নির্ধারিত বা অনুমোদিত জোনের বাইরে মূল সড়ক কিংবা ফুটপাতে কোনো অবৈধ দোকান বসতে দেওয়া হবে না এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঢাকাকে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশনের এই আইনসম্মত ও জনকল্যাণমুখী উদ্যোগকে সফল করতে আমাদের সবার সহযোগিতা অত্যন্ত জরুরি। এবং নগরের অধিবাসীরা এ উদ্যোগে খুবই খুশী। তারা চান এ প্রচেষ্টা যেন অব্যবত থাকে এবং উচ্ছেদউত্তর অবস্থা যেন উচ্ছেদপূর্ব পর্যায়ে ফিরে না আসে। শুধু ঢাকা নয় দেশের অন্যত্রও যেন এমন কার্যক্রম নেওয়া হয় নগরবাসীদের এমনটাই প্রত্যাশা।

• উপসংহার:

একটি দেশের অর্থনৈতিক সমৃদ্ধি কতটা টেকসই, তা পরিমাপ করা যায় তার নাগরিকদের জীবনযাত্রার মান এবং বসতির নিরাপত্তা দেখে। বাংলাদেশ এক নতুন রাজনৈতিক ও প্রশাসনিক সুশাসনের মধ্য দিয়ে যাচ্ছে। এই সময়ে আমাদের শহরগুলোকে দূষিত, যানজটাক্রান্ত এবং সাধারণ মানুষের জন্য বসবাসের অযোগ্য হতে দেওয়া যাবে না।

এবারের বিশ্ব বসতি দিবসে নতুন সরকারের সুশাসনের অঙ্গীকার, ড্যাপের পরিবেশবান্ধব সংশোধন এবং প্রকৌশলগত দূরদর্শিতার সমন্বয়ে আমাদের শপথ হওয়া উচিত—আমরা "সর্বজনীন বাসস্থান ও টেকসই নগরায়ণ" এর লক্ষ্যকে সামনে রেখে এমন এক বাংলাদেশ গড়বো যেখানে প্রতিটি নাগরিকের মাথার ওপর একটি নিরাপদ ছাদ থাকবে, প্রতিটি শিশু খেলার মাঠ পাবে এবং প্রতিটি শহর হবে সবুজ ও প্রাণবন্ত। সরকারি স্বচ্ছতা, বেসরকারি খাতের দায়িত্বশীলতা এবং প্রকৌশলগত নিখুঁত পরিকল্পনার মেলবন্ধনেই কেবল ২০৩০ সালের মধ্যে এসডিজি-১১ অর্জন সম্ভব। 

মঈন মাহমুদ: লেখক-গবেষক-সাংবাদিক

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!