যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার ১৩ আশ্বিন ১৪৩৩

মানববন্ধন শেষে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ, থানায় জিডি

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ AM

৮১
মানববন্ধন শেষে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ, থানায় জিডি

রাজধানীর ভাটারায় ফুটপাত দখল, চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে মানববন্ধন শেষে বাড়ি ফেরার পথে হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। গতকাল শুক্রবার বিকেলে নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভাটারা থানার নেতাকর্মীরা। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিডিতে উল্লেখ করা হয়, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ভাটারা থানাধীন নতুন বাজার এলাকায় ফুটপাত দখল, চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা বাড়ির উদ্দেশে রওনা হলে বিএনপির সমর্থক হিসেবে পরিচয় দেওয়া প্রায় ৬০ থেকে ৭০ জনের একটি দল তাদের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

এতে এনসিপির ভাটারা থানার কর্মী মাহবুবুর রহমান পাটোয়ারী (৩৬), মোহাম্মদ রফিক মিয়াসহ কয়েকজন আহত হয়েছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। হামলার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তার জন্য এনসিপির ১৮ জন নেতাকর্মী ভাটারা থানায় আশ্রয় নেন বলেও দাবি করা হয়।

জিডিতে হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত কয়েকজনের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে এনসিপির নেতারা বলেন, শান্তিপূর্ণ নাগরিক কর্মসূচি শেষে হামলার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শনাক্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

তবে হামলার অভিযোগের বিষয়ে বিএনপির সংশ্লিষ্ট নেতাকর্মীদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!