মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠেয় অষ্টম আন্তর্জাতিক বিজ্ঞান ও উদ্ভাবন প্রতিযোগিতা ‘8th World Invention Competition and Exhibition (WICE) 2026’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ২৩টি উদ্ভাবক দল। ‘Dreams of Bangladesh’-এর উদ্যোগে শিক্ষার্থী, মেন্টর, অভিভাবক ও বিচারকসহ শতাধিক সদস্যের একটি প্রতিনিধি দল এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
আগামী ১৯ সেপ্টেম্বর বাংলাদেশি প্রতিনিধিদলটি মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। ২০ থেকে ২৪ সেপ্টেম্বর কুয়ালালামপুরের SEGi University Kota Damansara-তে WICE ২০২৬-এর আন্তর্জাতিক পর্ব অনুষ্ঠিত হবে। এবারের প্রতিযোগিতায় বিশ্বের ৩০টিরও বেশি দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের তরুণ গবেষক ও উদ্ভাবকেরা অংশ নিচ্ছেন। সেখানে বাংলাদেশি শিক্ষার্থীরা তাঁদের বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্ভাবন উপস্থাপন করবেন।
আয়োজকরা জানান, আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য জাতীয় পর্যায়ের বাছাইপর্বে প্রায় ১ হাজার ৫০০ প্রতিযোগীর সমন্বয়ে গঠিত ২৫০টি দল অংশ নেয়। সেখান থেকে মেধার ভিত্তিতে ৮০টি দল নির্বাচিত করা হয়। পরবর্তী সময়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা ও বুটক্যাম্পের মাধ্যমে কঠোর মূল্যায়নের পর চূড়ান্তভাবে ২৩টি দলকে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য মনোনীত করা হয়।
এর আগে WICE-এর বিভিন্ন আসরে অংশ নিয়ে বাংলাদেশি উদ্ভাবকেরা ১৪টি স্বর্ণপদক ও তিনটি রৌপ্যপদক অর্জন করেন। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার আরও বড় পরিসরে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন এবং জ্ঞান ও প্রযুক্তি বিনিময়ের লক্ষ্য নিয়েছে Dreams of Bangladesh।
Dreams of Bangladesh-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহাদির ইসলাম বলেন, ‘দেশজুড়ে ১ হাজার ৫০০ প্রতিযোগীর মধ্য থেকে কঠোর প্রক্রিয়ায় নির্বাচিত সেরা ২৩টি উদ্ভাবনী দল এবার WICE-এর বৈশ্বিক মঞ্চে যাচ্ছে। বিশ্বের ৩০টিরও বেশি দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সঙ্গে প্রতিযোগিতা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা দেশের জন্য গৌরব বয়ে আনবে বলে আমরা বিশ্বাস করি।’
২০২১ সাল থেকে Dreams of Bangladesh দেশের তরুণ প্রজন্মকে বিজ্ঞান, রোবোটিক্স, তথ্যপ্রযুক্তি ও গবেষণায় সম্পৃক্ত করতে প্রশিক্ষণ, কর্মশালা ও জাতীয় অলিম্পিয়াড আয়োজন করে আসছে। একই সঙ্গে এসব কার্যক্রমের মাধ্যমে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় বাংলাদেশের তরুণ উদ্ভাবকদের অংশগ্রহণ ও দেশের প্রতিনিধিত্ব নিশ্চিত করার উদ্যোগও নেওয়া হচ্ছে।
এদিকে WICE ২০২৬-এ বাংলাদেশের অংশগ্রহণ উপলক্ষে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (DRU) শফিকুল কবির মিলনায়তনে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!