যুক্তরাষ্ট্র   শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার ২৬ ভাদ্র ১৪৩৩

সিরিয়ায় অস্ত্রের ডিপোতে বিস্ফোরণ, নিহত ১৪

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ AM

১৫
সিরিয়ায় অস্ত্রের ডিপোতে বিস্ফোরণ, নিহত ১৪

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদলিবের সারমাদা জেলার বুর্জ আল নিমরা এলাকায় একটি অস্ত্রের ডিপোতে বিস্ফোরণে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। বুধবার এ বিস্ফোরণ ঘটে।

ইদলিবের প্রাদেশিক প্রশাসনের স্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, সারমাদা শহরের কাছে অস্ত্র ও যুদ্ধের অবশিষ্টাংশ সংগ্রহের জন্য ব্যবহৃত একটি অস্থায়ী গুদামে বিস্ফোরণটি ঘটে। প্রাথমিক হিসাবে এতে ১৪ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন বলে জানানো হয়েছিল।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গণমাধ্যম শাখা এর আগে রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছিল, বিস্ফোরণে মন্ত্রণালয়ের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন।

সিরীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে বিস্ফোরণস্থল থেকে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা গেছে। উদ্ধারকর্মীদের দ্রুত ঘটনাস্থলে ছুটে যেতেও দেখা যায়।

চলতি সেপ্টেম্বর মাসে ইদলিবে এটি দ্বিতীয় প্রাণঘাতী বিস্ফোরণের ঘটনা। এর আগে বিন্নিশ শহরে গোলাবারুদবাহী একটি গাড়িতে বিস্ফোরণে পাঁচজন নিহত হন।

ওই সময় সরকারি একটি সূত্র এএফপিকে জানিয়েছিল, গাড়িটি এক অস্ত্র ব্যবসায়ীর মালিকানাধীন ছিল। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি।

ইদলিবে গোলাবারুদবাহী গাড়ি কিংবা অস্ত্রের গুদামে বিস্ফোরণের ঘটনা মাঝেমধ্যেই ঘটে। ২০২৪ সালের ডিসেম্বরে দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদের পতনের আগে ১৩ বছরেরও বেশি সময় ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধের সময় ইদলিব ছিল সরকারবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর অন্যতম প্রধান ঘাঁটি।

সূত্র: এএফপি, আরব নিউজ

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!