যুক্তরাষ্ট্র   বুধবার ৩০ সেপ্টেম্বর ২০২৬, বুধবার ১৪ আশ্বিন ১৪৩৩

সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হুথিদের হামলার দাবি

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ AM

২৯
সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হুথিদের হামলার দাবি

সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তাদের গণমাধ্যম আনসারুল্লাহর খবরে বলা হয়েছে, সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দর, কিং খালিদ বিমানঘাঁটি এবং আবহা ও জিজান এলাকায় রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি আরামকোর বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয়েছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার আনসারুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে দাবি করে, ‘ইয়েমেনি ড্রোন ও ক্ষেপণাস্ত্র সৌদির বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।’ তবে হুথিদের এসব দাবির বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

কারাগারে হামলায় ১১ নিহতের দাবি

এর আগে সোমবার হুথিরা অভিযোগ করে, সৌদি আরব ইয়েমেনের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে। এসব হামলার মধ্যে একটি কারাগারে হামলার ঘটনাও রয়েছে বলে দাবি করেছে তারা।

হুথিদের সংবাদমাধ্যম আল-মাসিরাহ জানায়, জাওফ প্রদেশের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মহাপরিচালক হাসান সাবুলার ভাষ্য অনুযায়ী, সোমবার একটি কারাগারে হামলায় ১১ জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও ২০ জন বন্দী নিখোঁজ রয়েছেন।

হুথিদের সঙ্গে সংশ্লিষ্ট সংবাদ সংস্থা সাবা এর আগে জানিয়েছিল, নিহত ব্যক্তিদের মধ্যে কারাগারে স্বজনের সঙ্গে দেখা করতে আসা একটি শিশুও ছিল।

বাব আল-মান্দাব ঘিরে উত্তেজনা

লোহিত সাগরের উপকূলীয় এলাকায় কয়েক দিনের সংঘর্ষে ৩০০ জনের বেশি মানুষ নিহত এবং শত শত পরিবার বাস্তুচ্যুত হয়েছে বলে জানা গেছে। এর মধ্যেই বাব আল-মান্দাব প্রণালীর কাছাকাছি আরও কিছু এলাকা দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে হুথিরা।

বাব আল-মান্দাব প্রণালী লোহিত সাগরের দক্ষিণ প্রবেশপথ। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথটি সৌদি আরবের তেল রপ্তানির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর থেকে ইরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অবরোধ করে রেখেছে। এর পাশাপাশি বাব আল-মান্দাব ঘিরে হুথিদের তৎপরতা আঞ্চলিক নৌবাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!