যুক্তরাষ্ট্র   শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার ২৬ ভাদ্র ১৪৩৩

নারী ও শিল্পীদের প্রতি দিন দিন মানুষ নিষ্ঠুর হয়ে যাচ্ছে: পিয়া জান্নাতুল

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ AM

২৫
নারী ও শিল্পীদের প্রতি দিন দিন মানুষ নিষ্ঠুর হয়ে যাচ্ছে: পিয়া জান্নাতুল

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে প্রকাশ্যে হেনস্তা ও হামলার অভিযোগকে কেন্দ্র করে বিনোদন অঙ্গনে চলছে প্রতিবাদ ও ক্ষোভ। এ ঘটনার পর নারী ও শিল্পীদের প্রতি মানুষের ক্রমবর্ধমান নিষ্ঠুরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল।

মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের উদ্বেগ ও হতাশার কথা জানান তিনি। সরাসরি বাঁধনের নাম উল্লেখ না করে পিয়া জান্নাতুল লেখেন, ‘মানুষ দিন দিন এতটা নিষ্ঠুর আর ইনসেনসিটিভ (সংবেদনহীন) হয়ে যাচ্ছে, বিশেষ করে নারী আর শিল্পীদের প্রতি, যেটা সত্যিই ভাবায়।’

তিনি আরও লেখেন, ‘দেশের বাইরে থাকলেই যে মানুষের চিন্তাভাবনা বদলে যায়, বা মনটা আরও খোলামেলা হয়ে যায় আসলে তা না। আমার কাছে আসল উন্নতি বোঝা যায় একজন মানুষ অন্যকে কতটা সম্মান করে, কতটা বুঝতে পারে, আর কতটা মানবিক থাকতে পারে, সেখানেই। দুঃখের বিষয়, এই জায়গাগুলোতেই আমরা যেন ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছি।’

ভেনিসে বাঁধনকে হেনস্তার অভিযোগ

সোমবার রাতে ইতালির ভেনিসের মেস্ত্রে এলাকায় বাঁধন হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ভাই ও তাঁর শিশু সন্তান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কয়েকজনকে নিজেদের ‘ভেনিস ছাত্রলীগ’ ও ‘বঙ্গবন্ধুর সৈনিক’ হিসেবে পরিচয় দিতে দেখা যায়। ভিডিওতে বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ বলেও মন্তব্য করতে শোনা যায়। এ সময় তাঁকে গালিগালাজ ও হেনস্তা করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর ফেসবুক লাইভে এসে বাঁধন বলেন, পার্কে তাঁর ওপর শারীরিকভাবে হামলা করা হয়েছে। তাঁর গায়ে পানি ও কোমল পানীয় ছুড়ে মারা হয় এবং তাঁর মোবাইল ফোন ফেলে দেওয়া হয় বলেও জানান তিনি।

বাঁধন এ ঘটনার প্রতিবাদ জানিয়ে পরে ভেনিসের একটি থানায় অভিযোগ করেছেন বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন বাঁধন। সেই রাজনৈতিক অবস্থানের কারণে তাঁকে ভেনিসে হেনস্তা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে। বাঁধনের সহকর্মী ও সাধারণ নেটিজেনদের অনেকে ঘটনার নিন্দা জানিয়ে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!