ব্যক্তিগত জীবন ও সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছেন কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। বিশেষ করে একাধিকবার বিবাহবিচ্ছেদের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নানা ধরনের সমালোচনা ও কটাক্ষের মুখে পড়তে হয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের কঠিন সময় ও মানসিক টানাপোড়েন নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। তিনি জানান, সম্পর্কে বারবার আঘাত পাওয়ার কারণে একসময় মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিলেন যে নিজের জীবন শেষ করে দেওয়ার কথাও মনে হয়েছিল।
‘স্ট্রেট আপ উইথ শ্রী’ নামের একটি পডকাস্টে অংশ নিয়ে শ্রাবন্তী বলেন, ‘অনেক সময় মনে হয়েছে, নিজেকে শেষ করে দিই। তারপর ভেবেছি, কেন শেষ করব? শুধুমাত্র একটা ভুল পছন্দের কারণে?’
তিন দফা ভাঙন
২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেন শ্রাবন্তী। তখন তাঁর বয়স ছিল বেশ কম। দীর্ঘ দাম্পত্যের পর ২০১৬ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এই সংসারে তাঁদের ছেলে অভিমন্যু (ঝিনুক) রয়েছে।
প্রথম বিচ্ছেদের পর একই বছর মডেল কৃষাণ ব্রিজের সঙ্গে বিয়ে হয় শ্রাবন্তীর। তবে সেই সম্পর্ক এক বছরের বেশি টেকেনি।
এরপর ২০১৯ সালে ফিটনেস ট্রেনার রোশন সিংকে বিয়ে করেন অভিনেত্রী। বিয়ের কয়েক মাসের মধ্যেই তাঁরা আলাদা থাকতে শুরু করেন। পরে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৫ সালের এপ্রিলে তাঁদের আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়।
‘কেন শেষ করব?’
ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন ও বারবার ভেঙে পড়ার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে শ্রাবন্তীর কথায় উঠে এসেছে হতাশার সেই সময়ের কথা। তবে একই সঙ্গে তিনি নিজেকে প্রশ্ন করেছেন—একটি ভুল সিদ্ধান্ত বা ভুল সম্পর্কের কারণে কেন জীবন শেষ করে দিতে হবে?
অভিনেত্রীর এই বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে তাঁর ব্যক্তিগত জীবন ও মানসিক লড়াই প্রসঙ্গে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!