যুক্তরাষ্ট্র   শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার ২৬ ভাদ্র ১৪৩৩

‘আমি পাঠান, ইচ্ছা হলে গুলি কর’, শাহরুখের সেই সাহসী জবাব

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ AM

৪২
‘আমি পাঠান, ইচ্ছা হলে গুলি কর’, শাহরুখের সেই সাহসী জবাব

নব্বইয়ের দশকে বলিউডে মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডের প্রভাব ছিল ব্যাপক। সেই সময় চলচ্চিত্রের সঙ্গে যুক্ত অনেক প্রযোজক ও অভিনয়শিল্পীকে নানা ধরনের হুমকি ও চাপের মুখে পড়তে হয়েছিল। বলিউড তারকা শাহরুখ খানও এর বাইরে ছিলেন না।

সম্প্রতি এক পডকাস্টে চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় গুপ্ত নব্বইয়ের দশকে আন্ডারওয়ার্ল্ডের চাপের মুখে শাহরুখ খানের অবস্থানের কথা তুলে ধরেছেন। তাঁর দাবি, সরাসরি প্রাণনাশের হুমকি পাওয়ার পরও শাহরুখ কোনো নির্দেশের কাছে নতি স্বীকার করেননি।

সঞ্জয় গুপ্তের ভাষ্য অনুযায়ী, সে সময় চলচ্চিত্রশিল্পে বিভিন্ন কাজের জন্য তারকা ও প্রযোজকদের ওপর চাপ প্রয়োগ করা হতো। তবে শাহরুখ সেই চাপ মেনে নিতে রাজি ছিলেন না। তিনি উদ্ধৃত করে বলেন, শাহরুখ জানিয়েছিলেন, তিনি ভয় পেয়ে কোনো সিনেমা বা অনুষ্ঠান করবেন না। প্রয়োজন হলে তাঁকে গুলি করে দিতে পারেন।

সঞ্জয় গুপ্ত আরও দাবি করেন, শাহরুখের এই দৃঢ় অবস্থান শেষ পর্যন্ত আন্ডারওয়ার্ল্ডের লোকজনের মধ্যেও তাঁর প্রতি একধরনের শ্রদ্ধা তৈরি করেছিল।

শাহরুখ নিজেও জানিয়েছিলেন হুমকির কথা

এর আগে ব্রিটিশ সঞ্চালক রুবি ওয়াক্সকে দেওয়া এক সাক্ষাৎকারেও শাহরুখ খান তাঁর জীবনের ওই কঠিন সময়ের কথা বলেছিলেন। সেখানে তিনি একাধিকবার প্রাণনাশের হুমকি পাওয়ার কথা জানান। ওই সময় তাঁকে প্রায় তিন বছর কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে থাকতে হয়েছিল বলেও জানিয়েছিলেন তিনি।

নব্বইয়ের দশকে বলিউডে আন্ডারওয়ার্ল্ডের প্রভাব নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা রয়েছে। সে সময় চলচ্চিত্রের অর্থায়ন থেকে শুরু করে বিভিন্ন কাজের ক্ষেত্রে অপরাধ জগতের প্রভাবের অভিযোগও উঠেছিল।

‘কিং’ নিয়ে ব্যস্ত শাহরুখ

এদিকে কাজের দিক থেকে ব্যস্ত সময় পার করছেন শাহরুখ খান। তাঁর অভিনীত নতুন সিনেমা ‘কিং’ মুক্তির অপেক্ষায় রয়েছে। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্সের যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটিতে শাহরুখের সঙ্গে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, সুহানা খান ও অভিষেক বচ্চন।

চলতি বছরের ২৪ ডিসেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!