যুক্তরাষ্ট্র   শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার ২৬ ভাদ্র ১৪৩৩

‘তিন নম্বর জন ডান’, পরীমণির কোলে থাকা শিশুকে নিয়ে নানা জল্পনা

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ AM

৪১
‘তিন নম্বর জন ডান’, পরীমণির কোলে থাকা শিশুকে নিয়ে নানা জল্পনা

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমণি। ছবিতে তাঁর কোলে দেখা গেছে এক সদ্যোজাত শিশুকে। ছবির সঙ্গে পরীমণি লিখেছেন, ‘তিন নম্বর জন ডান। আলহামদুলিল্লাহ।’ এরপর থেকেই শিশুটির পরিচয় নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা।

সোমবার সকালে ছবিটি প্রকাশের পরপরই পরীমণির ভক্ত ও অনুসারীরা নানা প্রশ্ন করতে থাকেন। কেউ কেউ তাঁকে অভিনন্দন জানিয়েছেন, আবার অনেকে জানতে চেয়েছেন, নতুন করে মা হয়েছেন কি না এই অভিনেত্রী।

শিশুদের প্রতি পরীমণির ভালোবাসার কথা এর আগেও বিভিন্ন সময় প্রকাশ পেয়েছে। একাধিক সন্তানের মা হওয়ার ইচ্ছার কথাও তিনি বিভিন্ন সময়ে বলেছেন। ফলে নতুন ছবির পর কেউ কেউ ধারণা করছেন, হয়তো আবারও কোনো শিশুকে দত্তক নিয়েছেন তিনি। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে সম্পর্কের পর পরীমণির প্রথম সন্তান শাহীম মোহাম্মদ পূণ্য। রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলেকে নিজেই বড় করছেন তিনি। পরে একটি কন্যাশিশুকেও দত্তক নেন পরীমণি। তাঁর নাম সাফিরা সুলতানা প্রিয়ম।

বর্তমানে দুই সন্তানকে নিয়ে পরীমণির সময় কাটে। কাজের পাশাপাশি সন্তানদের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও তিনি মাঝেমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।

নতুন প্রকাশ করা ছবিতে দেখা যায়, গাড়িতে বসে আছেন পরীমণি। তাঁর চোখে রোদচশমা এবং কোলে রয়েছে শিশুটি। ছবিটি প্রকাশের পর থেকেই শিশুটির পরিচয় জানতে আগ্রহ দেখাচ্ছেন তাঁর অনুসারীরা।

এ বিষয়ে পরীমণির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করেননি। শিশুটির পরিচয় কিংবা ‘তিন নম্বর জন ডান’ কথাটির অর্থ কী—এ বিষয়ে তাঁর পক্ষ থেকে কোনো ব্যাখ্যাও পাওয়া যায়নি।

ফলে পরীমণির কোলে থাকা শিশুটিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চললেও, শিশুটি তাঁর নতুন সন্তান কি না বা তিনি আবার কোনো শিশুকে দত্তক নিয়েছেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!