যুক্তরাষ্ট্র   শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার ২৬ ভাদ্র ১৪৩৩

দেবের পারিবারিক ছবিতে শুভশ্রীর মন্তব্য, উঠল সেই ‘ইনোসেন্স’ প্রসঙ্গ

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ AM

৩৪
দেবের পারিবারিক ছবিতে শুভশ্রীর মন্তব্য, উঠল সেই ‘ইনোসেন্স’ প্রসঙ্গ

পরিবারের সঙ্গে ছুটি কাটানোর কয়েকটি মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেতা দেব। তাঁর সেই পোস্টের মন্তব্য ঘরে হাজির হয়ে রসিকতা করে মন্তব্য করেছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। সাবেক এই তারকা জুটির কথোপকথনে নতুন করে আলোচনায় এসেছে পুরোনো ‘ইনোসেন্স’ বিতর্ক।

সম্প্রতি বোন ও মা-বাবার সঙ্গে পশ্চিমবঙ্গের টাকিতে সময় কাটানোর কয়েকটি ছবি পোস্ট করেন দেব। সেই পোস্টে মন্তব্য করে শুভশ্রী লেখেন, ‘ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভেবেছো ইনোসেন্সটা চলে গিয়েছে!!!!’

শুভশ্রীর এই মন্তব্যের জবাবও দিয়েছেন দেব। তিনি লেখেন, ‘আমার চোখে নিজেকে খুঁজে দেখো, আগের মতই আজও আছে যে সবই এক।’

দুই তারকার এমন ভার্চ্যুয়াল কথোপকথন দেখে নেটিজেনরাও নানা মন্তব্য করতে শুরু করেন। পুরোনো সম্পর্ক ও ‘ইনোসেন্স’ বিতর্কের প্রসঙ্গ টেনে তাঁদের এই খুনসুটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা।

যে মন্তব্য থেকে বিতর্ক

একসময় জনপ্রিয় জুটি ছিলেন দেব ও শুভশ্রী। পর্দার বাইরেও তাঁদের প্রেমের সম্পর্ক ছিল, যা ছিল সবারই জানা। পরে সেই সম্পর্ক ভেঙে যায়।

এর কয়েক বছর পর দেব এক সাক্ষাৎকারে বলেছিলেন, ১৪ বছর আগের শুভশ্রী আর বর্তমান শুভশ্রীর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তিনি মন্তব্য করেছিলেন, ‘শুভশ্রীর এখন আর সেই ইনোসেন্সটা নেই, দুই সন্তানের মা তিনি।’ সেই মন্তব্যে কষ্ট পেয়েছিলেন শুভশ্রী।

ওই ঘটনার পর একসময় দেব শুভশ্রীর ফোন নম্বর মুছে ফেলেছিলেন। ঝগড়া হলে পরস্পরের নম্বর ব্লক কিংবা ডিলিট করে দেওয়া তাঁদের পুরোনো অভ্যাস বলেও জানিয়েছিলেন দেব। তবে এসবের পরও শুভশ্রীর সঙ্গে তাঁর যোগাযোগ পুরোপুরি কখনোই বিচ্ছিন্ন হয়নি বলে জানিয়েছিলেন তিনি।

আবারও একসঙ্গে পর্দায়

পুরোনো মান-অভিমান পেছনে ফেলে আবারও পর্দায় ফিরছেন দেব ও শুভশ্রী। আগামী দুর্গাপূজায় মুক্তি পাওয়ার কথা তাঁদের অভিনীত নতুন সিনেমা ‘দেশু ৭’-এর। ইতিমধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটির টিজার, যেখানে তাঁদের ‘পুনর্মিলন’-এর আভাসও দেখা গেছে।

কাজের প্রয়োজনে অতীতের অনেক কিছু পেছনে ফেললেও এবার সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্যে সেই পুরোনো ‘ইনোসেন্স’ প্রসঙ্গই টেনে এনেছেন শুভশ্রী। আর তাতে দেবের পাল্টা জবাব—দুই তারকার হালকা খুনসুটি নিয়ে আবারও আগ্রহ তৈরি হয়েছে ভক্তদের মধ্যে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!