যুক্তরাষ্ট্র   শনিবার ১৪ নভেম্বর ২০২৬, শনিবার ২৯ কার্তিক ১৪৩৩

গাজীপুরে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন, পরিস্থিতি কিছুটা শান্ত

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১০ AM

৩৭
গাজীপুরে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন, পরিস্থিতি কিছুটা শান্ত

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিক বিক্ষোভের মধ্যে গাজীপুরের শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

তবে বিক্ষোভের পঞ্চম দিনে আজ মঙ্গলবার সকাল থেকে পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও কোথাও সড়ক অবরোধ বা বড় ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

আজ সকাল থেকে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যদের পাশাপাশি পর্যাপ্তসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিজিবি টহল দিচ্ছে। এ ছাড়া বিক্ষুব্ধ শ্রমিকদের প্রতিহত করতে বিএনপির নেতা-কর্মীদের মহাসড়কে অবস্থান ও মহড়া দিতে দেখা গেছে।

গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাইন জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিজিবি টহল দিচ্ছে। এখন পর্যন্ত কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।

সকাল ১০টা পর্যন্ত গাজীপুরের কোনো মহাসড়ক বা আঞ্চলিক সড়কে শ্রমিকদের অবস্থান নিতে দেখা যায়নি। বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে শ্রমিকদের দলবদ্ধভাবে কর্মস্থলে প্রবেশ করতে দেখা গেছে।

গাজীপুরের শিল্প পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, এখন পর্যন্ত বড় ধরনের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। বিভিন্ন কারখানার শ্রমিকেরা কাজে যাচ্ছেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!