যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার ২৭ কার্তিক ১৪৩৩

শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ AM

৬
শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান

শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। একই সঙ্গে গ্রুপ-এ-এর সেরা দল হিসেবে শেষ চার নিশ্চিত করেছে স্বাগতিকরা। আগামী ১৪ নভেম্বর দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ গ্রুপ-বি রানার্সআপ পাকিস্তান।

একই দিন প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ভুটান।

বুধবার জাতীয় স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। প্রথমার্ধে শমিত সোম ও হামজা চৌধুরীর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। বিরতির পর ফারহান আলী ওয়াহিদ ও রাকিব হোসেন আরও দুটি গোল করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এ নিয়ে টানা দুই ম্যাচে জয় পেল বাংলাদেশ। ভুটানকে ১-০ গোলে হারিয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল দলটি। দুই ম্যাচে কোনো গোল হজম না করেই গ্রুপসেরা হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের শুরু থেকেই শ্রীলঙ্কার রক্ষণে চাপ সৃষ্টি করে বাংলাদেশ। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে ব্যস্ত রাখে স্বাগতিকরা। এর ফলও আসে দ্রুত। অষ্টম মিনিটে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন শমিত সোম।

ডান প্রান্ত থেকে হামজা চৌধুরীর বাড়ানো ক্রস ঠিকভাবে নিয়ন্ত্রণে নিতে পারেননি শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা। বক্সের মধ্যে বল পেয়ে শট নেন শমিত। প্রথম প্রচেষ্টায় এক ডিফেন্ডার তাঁর শট ঠেকিয়ে দিলেও ফিরতি বলে আর ভুল করেননি এই মিডফিল্ডার।

এর আগে চতুর্থ মিনিটে বক্সের বাইরে থেকে হামজার নেওয়া ফ্রি-কিক ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। সপ্তম মিনিটে রাকিবের বিপজ্জনক ক্রস থেকে গোলের সুযোগ পেয়েছিলেন ফারহান। তবে বল নিয়ন্ত্রণে নিতে পারেননি তিনি।

প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন হামজা চৌধুরী। ৪৪ মিনিটে মোহাম্মদ ইব্রাহিমের কাছ থেকে বল পেয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢোকেন হামজা। গোলরক্ষক সামনে এগিয়ে এলে জোরালো শটে তাঁকে পরাস্ত করেন বাংলাদেশের এই মিডফিল্ডার।

বিরতির পরও আক্রমণের ধারাবাহিকতা ধরে রাখে বাংলাদেশ। ৫৩ মিনিটে ম্যাচের অন্যতম দৃষ্টিনন্দন গোলটি করেন ফারহান আলী ওয়াহিদ। বাঁ প্রান্ত দিয়ে একক প্রচেষ্টায় বল নিয়ে এগিয়ে যান তিনি। অসাধারণ ড্রিবলিংয়ে শ্রীলঙ্কার চার ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে কোনাকুনি শটে বল জালে পাঠান এই তরুণ ফরোয়ার্ড।

এরপরও আক্রমণ চালিয়ে যায় বাংলাদেশ। তবে শ্রীলঙ্কার রক্ষণভাগের ওপর চাপ থাকলেও গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় শেষ মুহূর্ত পর্যন্ত।

৮৭ মিনিটে দলের চতুর্থ গোলটি করেন রাকিব হোসেন। দ্রুতগতিতে বল নিয়ে গোলরক্ষক সুজন পেরেরার মুখোমুখি হন তিনি। এরপর ঠান্ডা মাথায় গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়ে বাংলাদেশের বড় জয় নিশ্চিত করেন রাকিব।

শ্রীলঙ্কাও কয়েকবার আক্রমণে ওঠার চেষ্টা করেছে। তবে বাংলাদেশের সুশৃঙ্খল রক্ষণভাগ ভাঙতে পারেনি সফরকারীরা।

ভুটানের বিপক্ষে আগের ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া ও ফয়সাল আহমেদ ফাহিমের জায়গায় দলে ফেরেন হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদ। এ ছাড়া বদলি হিসেবে নেমে আগের ম্যাচে জয়সূচক গোল করা মোহাম্মদ ইব্রাহিম জায়গা পান একাদশে।

বাংলাদেশের একাদশ: মেহেদী শ্রাবন (গোলরক্ষক), জায়ান আহমেদ, সাদ উদ্দিন, জিদান ইউসুফ, তারিক কাজী, শমিত সোম, হামজা চৌধুরী (অধিনায়ক), কাজেম শাহ, ফারহান আলী ওয়াহিদ, রাকিব হোসেন ও মোহাম্মদ ইব্রাহিম।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!