যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার ২৭ কার্তিক ১৪৩৩

সরকারি হাসপাতালে আট মাসে বেড়েছে ৩ হাজার ৪৮টি শয্যা

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ০৫:২০ AM

৪
সরকারি হাসপাতালে আট মাসে বেড়েছে ৩ হাজার ৪৮টি শয্যা

দেশের সরকারি হাসপাতালগুলোতে গত আট মাসে ৩ হাজার ৪৮টি শয্যা বাড়িয়েছে সরকার। রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং হাসপাতালে শয্যাসংকট কমানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। একই সময়ে ঠাকুরগাঁও ও নরসিংদীতে দুটি নতুন সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমোদনও দেওয়া হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ২৮ এপ্রিল থেকে ১৯ অক্টোবর পর্যন্ত নেওয়া বিভিন্ন সিদ্ধান্তসংক্রান্ত নথি বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে। গত ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারি হাসপাতালের শয্যাসংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়।

শয্যা বাড়ানোর ক্ষেত্রে বড় পরিবর্তন এসেছে কয়েকটি মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলা সদর হাসপাতালে। গত ৮ সেপ্টেম্বর বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের শয্যাসংখ্যা ১ হাজার ২০০ থেকে বাড়িয়ে ১ হাজার ৮০০ করা হয়েছে। অর্থাৎ হাসপাতালটিতে ৬০০টি শয্যা যুক্ত হয়েছে।

এর আগে ২১ মে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শয্যাসংখ্যা দ্বিগুণ করা হয়। হাসপাতাল দুটির প্রতিটিতে ৫০০টি করে শয্যা বাড়িয়ে ১ হাজার করা হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শয্যাসংখ্যা ১৩ জুলাই এক আদেশে ১ হাজার ২০০ থেকে বাড়িয়ে ১ হাজার ৩০০ করা হয়। একই দিনে রাজবাড়ী সদর হাসপাতালের শয্যা ১০০ থেকে ২৫০ এবং জয়পুরহাট জেনারেল হাসপাতালের শয্যা ২৫০ থেকে ৪০০ করা হয়েছে। এ ছাড়া রাঙামাটি জেনারেল হাসপাতালের শয্যাসংখ্যা ১০০ থেকে বাড়িয়ে ২৫০ করা হয়।

জুনে নরসিংদী জেলা হাসপাতালের শয্যাসংখ্যা ১০০ থেকে বাড়িয়ে ২৫০ করা হয়েছে। উপজেলা পর্যায়েও কয়েকটি হাসপাতালে শয্যা বাড়ানো হয়েছে। রাঙামাটির লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যাসংখ্যা ৩১ থেকে ৫০ করা হয়েছে। ১৭ মে কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০টি এবং পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯টি শয্যা বাড়ানো হয়। ২ আগস্ট কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যাসংখ্যাও ৫০টি বাড়ানো হয়েছে।

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা ৩১ থেকে বাড়িয়ে ৫০ করা হয়েছে। ফেনীর একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯টি শয্যা বাড়ানো হয়েছে। রংপুরের তারাগঞ্জ, সিলেটের ওসমানীনগর, পাবনার আটঘরিয়া ও ফেনীর ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও ১৯টি করে শয্যা বাড়ানো হয়েছে।

এ ছাড়া রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের শয্যাসংখ্যা ৫০০ থেকে বাড়িয়ে ৭০০ করা হয়েছে। তেজগাঁওয়ের জাতীয় নাক-কান-গলা ইনস্টিটিউটের সক্ষমতা ২৫০ শয্যায় উন্নীত করতে ১১৫টি শয্যা বাড়ানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫১ শয্যার পরিকল্পনা

দেশের উপজেলা পর্যায়ে চিকিৎসাসেবা সম্প্রসারণে জুনে সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। পরে ১২ আগস্ট ওই সিদ্ধান্ত সংশোধন করে পর্যায়ক্রমে সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার নতুন পরিকল্পনা নেওয়া হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. নুরুল ইসলাম বাসসকে বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া মানুষের সাংবিধানিক অধিকার। বর্তমান সরকার মানুষকে উন্নত চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করছে।

তিনি বলেন, হাম ও ডেঙ্গুতে আক্রান্ত রোগীরা হাসপাতালে এসে যাতে শয্যা পেতে সমস্যায় না পড়েন, সে জন্য মানুষের প্রয়োজন বিবেচনায় সারা দেশের বেশ কিছু হাসপাতালে ৩ হাজারের বেশি শয্যা বাড়ানো হয়েছে।

অধ্যাপক নুরুল ইসলাম আরও বলেন, আগামী এক বছরের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১৫১ শয্যার উপযোগী করা হলে দেশের চিকিৎসাব্যবস্থায় ব্যাপক পরিবর্তন দেখা যাবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!