যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার ২৭ কার্তিক ১৪৩৩

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের আহ্বান বাংলাদেশের, আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখার তাগিদ

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ০৪:১০ AM

৬
রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের আহ্বান বাংলাদেশের, আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখার তাগিদ

রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান দ্রুত প্রত্যাবাসন। এ জন্য মিয়ানমারে তাদের নিরাপদে ফিরে যাওয়ার অনুকূল পরিবেশ তৈরি এবং রোহিঙ্গা শরণার্থী ও ক্ষতিগ্রস্ত আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব (দ্বিপক্ষীয়) ড. মু. নজরুল ইসলামের সঙ্গে বাংলাদেশ সফররত মিয়ানমারের মানবাধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার কেলি ই. কারির বৈঠকে এ আহ্বান জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতির ক্রমাবনতিতে, বিশেষ করে রোহিঙ্গাদের দুর্দশা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন নজরুল ইসলাম। তিনি রাখাইন রাজ্যে অব্যাহত সহিংসতা ও জোরপূর্বক বাস্তুচ্যুতির বিষয়টিও তুলে ধরেন।

বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লাখের বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাকে অব্যাহতভাবে মানবিক সহায়তা দেওয়ার বিষয়টি বিশেষ র‌্যাপোর্টিয়ারকে জানান তিনি। একই সঙ্গে রোহিঙ্গাদের মিয়ানমারে নিজ নিজ বসতভিটায় দ্রুত ফিরিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

নজরুল ইসলাম বলেন, প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ সৃষ্টি, নির্বিঘ্নে মানবিক সহায়তা পৌঁছানো নিশ্চিত করা এবং রোহিঙ্গা ও ক্ষতিগ্রস্ত আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য দীর্ঘমেয়াদি আন্তর্জাতিক সহায়তা জোরদার করা জরুরি।

বিশেষ র‌্যাপোর্টিয়ার হিসেবে প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসা কেলি ই. কারি তাকে সফরের অনুমতি দেওয়ায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। বিপুলসংখ্যক জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের দীর্ঘদিনের উদারতা ও মানবিক প্রচেষ্টার প্রশংসা করেন তিনি।

আশ্রয়দাতা দেশ হিসেবে বাংলাদেশের সামনে থাকা বড় চ্যালেঞ্জগুলোর কথা স্বীকার করে কারি বলেন, সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বাংলাদেশ রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রেখেছে। এ উদ্যোগেরও প্রশংসা করেন তিনি।

দীর্ঘস্থায়ী এ সংকটে রোহিঙ্গাদের দুর্দশার প্রতি আন্তর্জাতিক মনোযোগ ধরে রাখা এবং সংকটের টেকসই সমাধানে উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন বিশেষ র‌্যাপোর্টিয়ার।

কেলি ই. কারিকে স্বাগত জানিয়ে এবং বিশেষ র‌্যাপোর্টিয়ারের দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন জানান নজরুল ইসলাম। সফরকালে তাকে বাংলাদেশের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা এবং দায়িত্ব পালনে অব্যাহত সমর্থনের আশ্বাস দেন তিনি।

জাতিসংঘের মানবাধিকার পরিষদ গত মার্চে কেলি ই. কারিকে মিয়ানমারবিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ার হিসেবে নিয়োগ দেয়। তিনি ২০২০ থেকে ২০২৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করা টমাস এইচ. অ্যান্ড্রুজের স্থলাভিষিক্ত হন। গত ১ মে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন কেলি ই. কারি।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!