যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার ২৭ কার্তিক ১৪৩৩

কারিনার পান্নার হার ঘিরে বিতর্ক

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ০৫:২৯ AM

২
কারিনার পান্নার হার ঘিরে বিতর্ক

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের দীপাবলির সাজ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। রাজকীয় পোশাক, পাগড়ি ও ঐতিহাসিক অলংকারে তাঁর উপস্থিতি প্রশংসা কুড়ালেও বিতর্ক তৈরি হয়েছে গলায় পরা একটি পান্নার হার ঘিরে। নেটিজেনদের একাংশের দাবি, হারটির পান্নায় খোদাই করা রয়েছে ইসলাম ধর্মের পবিত্র আয়াত ‘আয়াতুল কুরসি’।

ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ এই আয়াত অলংকার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলে আপত্তি জানিয়েছেন কেউ কেউ। তবে এ বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি কারিনা।

দীপাবলির অনুষ্ঠানে কারিনার পরনে ছিল ফ্যাশন ডিজাইনার পুনীত বালানার নকশা করা নিউড-বেইজ রঙের কাফতান। পোশাকের সঙ্গে মাথায় পরেছিলেন পাগড়ি। এতে যুক্ত ছিল প্রায় ২০০ বছরের পুরোনো একটি ঐতিহাসিক কলগি।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কলগিটি পতৌদি পরিবারের বংশপরম্পরায় পাওয়া সম্পদ। কারিনার এই আভিজাত্যপূর্ণ সাজ দেখে ভক্তদের পাশাপাশি বলিউডের একাধিক তারকাও মুগ্ধ হন। তবে তাঁর সাজের অন্য অনুষঙ্গ ছাপিয়ে আলোচনায় আসে গলায় থাকা সবুজ পান্নার হারটি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আলোচনায় নেটিজেনদের একাংশ দাবি করছেন, প্রায় ৩০ ক্যারেটের পান্নাটিতে ‘আয়াতুল কুরসি’ খোদাই করা রয়েছে। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে বিশেষ মর্যাদাপূর্ণ এই আয়াতকে গয়নায় ব্যবহারের বিষয়টি নিয়েই তাঁদের আপত্তি।

এদিকে শাহরুখ খানের ‘কিং’ সিনেমায় বিশেষ চরিত্রে কারিনাকে দেখা যেতে পারে—এমন আলোচনা রয়েছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাঘব জুয়ালসহ একাধিক তারকা। তবে মুখ্য চরিত্রে কারিনার পরবর্তী সিনেমা নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!