যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার ২৭ কার্তিক ১৪৩৩

সিডনিতে ঘুরে বেড়াচ্ছেন পূর্ণিমা, বললেন ‘কোনো ঝামেলা নেই’

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ০৫:২৬ AM

১
সিডনিতে ঘুরে বেড়াচ্ছেন পূর্ণিমা, বললেন ‘কোনো ঝামেলা নেই’

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা এখন অস্ট্রেলিয়ার সিডনিতে। বড় পর্দায় নিয়মিত দেখা না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব তিনি। ভক্তদের সঙ্গে ভাগ করে নেন ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত। এবার সিডনিতে ঘুরে বেড়ানোর কিছু দৃশ্যের ভিডিও প্রকাশ করে নজর কেড়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সিডনির একটি মলের ক্যাফে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন পূর্ণিমা। চোখে চশমা, পরনে সবুজ টি-শার্ট ও ডেনিম জ্যাকেট। হাসিমুখে বেশ স্বচ্ছন্দ ভঙ্গিতে সময় কাটাতে দেখা যায় তাঁকে।

ভিডিওর ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, ‘সিডনির পথে পথে ঘুরে বেড়াচ্ছি, সঙ্গে জমা হচ্ছে সুন্দর সব স্মৃতি। কোনো ঝামেলা নেই, কোনো চাপ নেই—শুধু অফুরন্ত হাসি, নির্ভার কিছু মুহূর্ত আর শহরের জীবনকে নিজের মতো করে উপভোগ করার আনন্দ। কখনো কখনো পরিকল্পনা ছাড়াই নিজের মতো করে চলতে থাকলে জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো তৈরি হয়।’

ভিডিওটি প্রকাশের পর থেকেই মন্তব্যের ঘরে ভক্তদের ভালোবাসা পাচ্ছেন পূর্ণিমা। অনেকে তাঁর চিরচেনা হাসি ও সৌন্দর্যের প্রশংসা করেছেন। একজন অনুরাগী মন্তব্য করেছেন, ‘আপনাকে ছোটবেলা থেকে যেমন দেখছি, আপনি এখনো তেমনই আছেন, অথচ আমরা বুড়ো হয়ে গেছি।’

নব্বইয়ের দশকে চলচ্চিত্রে যাত্রা শুরু করা পূর্ণিমা দীর্ঘদিন ধরেই দর্শকের কাছে পরিচিত মুখ। অভিনয়ের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তও ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। সিডনিতে ঘুরে বেড়ানোর নতুন ভিডিওতেও সেই আগ্রহের প্রতিফলন দেখা গেছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!