দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে চট্টগ্রাম নগরবাসীর। আগামী বছরের জুলাইয়ে চালু হচ্ছে নগরীর প্রথম আধুনিক পয়ঃনিষ্কাশন বা স্যুয়ারেজ ব্যবস্থা। প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন প্রকল্পটির প্রথম পর্যায়ের কাজ আগামী বছরের জুনে শেষ হওয়ার কথা রয়েছে।
প্রকল্পটি চালু হলে নগরীর ২১টি ওয়ার্ডের প্রায় ২০ লাখ মানুষ আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থার আওতায় আসবেন। বাসাবাড়ির পয়ঃবর্জ্য পাইপলাইনের মাধ্যমে সরাসরি শোধনাগারে নেওয়া হবে। সেখানে পরিশোধনের পর নিরাপদভাবে সাগরে নিষ্কাশন করা হবে। এতে নদী-খাল ও পরিবেশদূষণ কমার পাশাপাশি নগরীর স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার পথ তৈরি হবে।
চট্টগ্রাম ওয়াসা সূত্রে জানা গেছে, প্রকল্পের সার্বিক অগ্রগতি ইতিমধ্যে ৮২ শতাংশে পৌঁছেছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে নির্মাণকাজের গতি বাড়ানো হয়েছে।
চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম বাসসকে বলেন, প্রায় ৮০ লাখ মানুষের বসবাস চট্টগ্রামে। দেশের অন্যতম প্রধান বন্দরনগরী হলেও এখানে এত দিন পরিকল্পিত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ছিল না। অধিকাংশ বাসাবাড়ির পয়ঃবর্জ্য সেপটিক ট্যাংকে জমা হয়। সেখান থেকে বিভিন্ন ড্রেনের মাধ্যমে অপরিশোধিত বর্জ্য নদী-খালে গিয়ে পড়ছে।
ওয়াসার হিসাব অনুযায়ী, নগরীতে প্রতিদিন প্রায় ২৮ কোটি ৮০ লাখ লিটার অপরিশোধিত পয়ঃবর্জ্য বিভিন্ন নদী-খালে মিশছে। ২০৩০ সাল নাগাদ এর পরিমাণ বেড়ে দৈনিক ৫১ কোটি ৫০ লাখ লিটারে পৌঁছাতে পারে।
এ ছাড়া নগরীতে প্রতিদিন প্রায় ৫৩৯ ঘনমিটার মানববর্জ্য বা ফিক্যাল স্লাজ উৎপন্ন হয়। ২০৩০ সাল নাগাদ এর পরিমাণ বেড়ে প্রায় ৭১৫ ঘনমিটারে দাঁড়াতে পারে।
ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলেন, বর্তমানে বাসাবাড়ির শৌচাগারের বর্জ্য নগরীর ড্রেন দিয়ে নদী-খালে গিয়ে পড়ছে। এমনকি ড্রেনের মধ্য দিয়ে যাওয়া ওয়াসার পানির পাইপলাইনেও বর্জ্য মিশে পানিদূষণের ঝুঁকি তৈরি হচ্ছে। এতে নিরাপদ পানি সরবরাহ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।
দুটি শোধনাগার নির্মাণ
প্রকল্পের আওতায় হালিশহরের চৌচালা এলাকায় ১৬৩ একর জমিতে দুটি শোধনাগার নির্মাণ করা হচ্ছে। এর একটি শোধনাগারে পাইপলাইনের মাধ্যমে আসা দৈনিক ৯ কোটি লিটার পয়ঃবর্জ্য পরিশোধন করা হবে। পরে তা নিরাপদভাবে সাগরে নিষ্কাশন করা হবে।
অন্য শোধনাগারটিতে বিশেষায়িত যানবাহনের মাধ্যমে বাসাবাড়ি থেকে সংগ্রহ করা দৈনিক ৩০০ টন মানববর্জ্য প্রক্রিয়াজাত করা হবে। এ ছাড়া হালিশহরের আনন্দবাজার এলাকায় আরও একটি আধুনিক পয়ঃবর্জ্য শোধনাগার নির্মাণ করা হচ্ছে।
চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম বাসসকে বলেন, প্রকল্পের প্রথম পর্যায় বাস্তবায়িত হলে কোতোয়ালী, বাটালি হিল, লালখান বাজার, আগ্রাবাদ, পাঠানটুলি, চৌমুহনী, ঈদগাহ ও হালিশহরসহ বিভিন্ন এলাকার বাসিন্দারা উপকৃত হবেন। এ পর্যায়ে ২১টি ওয়ার্ডের প্রায় ২৮ হাজার বাসাবাড়িকে স্যুয়ারেজ নেটওয়ার্কের আওতায় আনা হবে।
তিনি বলেন, প্রকল্পের আওতায় মাটির ৫ থেকে ১৫ মিটার গভীরে ২০০ কিলোমিটারের বেশি পাইপলাইন স্থাপন করা হচ্ছে। পাশাপাশি নির্মাণ করা হচ্ছে ম্যানহোলসহ প্রয়োজনীয় অবকাঠামো। ইতিমধ্যে ১৩৫ কিলোমিটার পাইপলাইন স্থাপনের কাজ শেষ হয়েছে।
ছয় জোনে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা
চট্টগ্রাম নগরীকে ছয়টি জোনে ভাগ করে ছয়টি স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং দুটি ফিক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণের পরিকল্পনা নিয়েছে ওয়াসা। এর প্রথম পর্যায়ে ‘ক্যাচমেন্ট-১’ নামে একটি জোনে ২০২২ সালে কাজ শুরু হয়। পর্যায়ক্রমে বাকি পাঁচটি জোনেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
উল্লেখ্য, ১৯২৩ সালে ঢাকায় পয়ঃনিষ্কাশন ব্যবস্থা চালু হলেও ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম ওয়াসা দীর্ঘ ৬৩ বছরেও নগরীতে এ ধরনের কোনো ব্যবস্থা গড়ে তুলতে পারেনি। প্রথমবারের মতো এই প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!