র্জ্যকে অব্যবহৃত অবস্থায় ফেলে না রেখে সম্পদ, জ্বালানি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির উৎসে পরিণত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
তিনি বলেছেন, বর্জ্যকে কোনো ধরনের ব্যবহার ছাড়াই নষ্ট হতে দেওয়া উচিত নয়। বরং বর্জ্যকে সম্পদ, শক্তির উৎস এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির সুযোগে রূপান্তর করতে হবে।
আজ বুধবার তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১ চলাকালে রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণীদের (স্পাউস) এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এসব কথা বলেন।
বৈঠক আয়োজনের জন্য তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানকে ধন্যবাদ জানিয়ে জুবাইদা রহমান বলেন, বর্জ্যমুক্ত কর্মসূচি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তাঁর নেতৃত্ব অনুপ্রেরণাদায়ক।
তিনি বলেন, বাংলাদেশ ‘গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্স’কে স্বাগত জানায় এবং সমর্থন করে। পরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্যকর জনগোষ্ঠী ও টেকসই ভবিষ্যৎ গড়ার বিষয়ে বাংলাদেশ সরকারের লক্ষ্যের সঙ্গে এ জোটের উদ্দেশ্য সামঞ্জস্যপূর্ণ।
বর্জ্য ব্যবস্থাপনায় সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে জুবাইদা রহমান বলেন, বাংলাদেশ সরকার বর্জ্য কমানো, পুনর্ব্যবহার ও পুনঃপ্রক্রিয়াজাতকরণ—এই তিনটি ‘আর’ (থ্রি-আর) কার্যক্রমে উৎসাহ দিচ্ছে। একই সঙ্গে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালার আওতায় বর্জ্য পৃথকীকরণ ও নিরাপদ অপসারণব্যবস্থা জোরদার করা হচ্ছে।
তিনি জানান, বাংলাদেশের জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি ৩.০)-এর আওতায় ২০৩৫ সালের মধ্যে বর্জ্য খাত থেকে ১ দশমিক ৭৮ মিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য গ্রিনহাউস গ্যাসের নির্গমন কমানোর লক্ষ্য নেওয়া হয়েছে।
সরকারের অগ্রাধিকারমূলক উদ্যোগের মধ্যে রয়েছে পুনঃপ্রক্রিয়াজাতকরণ, কম্পোস্টিং, ল্যান্ডফিল থেকে গ্যাস আহরণ, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, বর্জ্যপানি শোধন এবং চিকিৎসা ও স্বাস্থ্যসেবা খাতের বর্জ্যের নিরাপদ ব্যবস্থাপনা।
ঢাকায় বড় একটি ‘ওয়েস্ট-টু-এনার্জি’ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, এ প্রকল্পের মাধ্যমে প্রতিদিন ৩ হাজার টন গৃহস্থালি বর্জ্য প্রক্রিয়াজাত করে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। দেশের অন্যান্য বড় শহরেও এ ধরনের প্রকল্প সম্প্রসারণের পরিকল্পনা করছে সরকার।
জুবাইদা রহমান বলেন, শহরের বর্জ্যকে পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তর এবং পরিবেশ সুরক্ষা সরকারের মূল লক্ষ্য। প্লাস্টিক দূষণ কমাতে দেশের লেক, খাল, পুকুরসহ বিভিন্ন জলাশয় পরিচ্ছন্ন করার কার্যক্রমও অব্যাহত রয়েছে।
প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বাংলাদেশের সোনালি আঁশ পাট প্লাস্টিকের একটি প্রাকৃতিক বিকল্প। এ ক্ষেত্রে পাটজাত পণ্যের ব্যবহার সম্প্রসারণে কাজ চলছে। সম্মেলনের গ্রিন জোনে অবস্থিত ‘বাংলাদেশ জুট প্যাভিলিয়ন’ পরিদর্শনের জন্য প্রতিনিধিদের আমন্ত্রণ জানান তিনি।
বাংলাদেশ ‘গ্লোবাল মিথেন প্লেজ’-এর স্বাক্ষরকারী দেশ হিসেবে মিথেন নির্গমন কমাতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান জুবাইদা রহমান। তিনি বলেন, সরকার জলবায়ুবান্ধব কৃষি ও উন্নত ধান চাষপদ্ধতিকে উৎসাহিত করছে। পাশাপাশি জৈব বর্জ্য থেকে জৈব সার ও পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে।
বর্জ্যমুক্ত বিশ্ব গড়তে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, একক প্রচেষ্টায় এ লক্ষ্য অর্জন সম্ভব নয়। এ জন্য সাশ্রয়ী জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বৃদ্ধি প্রয়োজন। পাশাপাশি বেসরকারি খাতের জোরালো অংশগ্রহণ এবং অপ্রাতিষ্ঠানিক বর্জ্য ব্যবস্থাপনা কর্মীদের যথাযথ সুরক্ষা নিশ্চিত করতে হবে।
তরুণ প্রজন্মকে এ উদ্যোগে সম্পৃক্ত করার আহ্বান জানিয়ে জুবাইদা রহমান বলেন, পরিবেশগত সচেতনতা গড়ে তোলার কাজ পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজ থেকেই শুরু করতে হবে। তরুণেরা শুধু আগামী দিনের নেতা নয়, বর্তমান সময়ের সমস্যা সমাধানেও গুরুত্বপূর্ণ অংশীদার।
তিনি বলেন, বৈশ্বিক সহযোগিতা আরও সুদৃঢ় করতে এবং সম্মিলিত প্রতিশ্রুতি বাস্তবায়নে বাংলাদেশ পুরোপুরি প্রস্তুত।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!