বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব মো. জিয়াউদ্দিন শিকদার জিয়া। তাঁকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক এ নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ আইন অনুযায়ী জিয়াউদ্দিন শিকদার জিয়াকে গ্রেড-২ পদমর্যাদায় চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এক বছর এ নিয়োগ কার্যকর থাকবে। তবে এ দায়িত্ব পালনের জন্য তাঁকে অন্য সব পেশা, ব্যবসা এবং সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যমান কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত জিয়াউদ্দিন শিকদার জিয়া বর্তমানে বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক জীবনে বিভিন্ন সময় প্রতিকূল পরিস্থিতি ও হামলার শিকার হয়েছেন তিনি। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত হন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নিয়োগের বিষয়ে জিয়াউদ্দিন শিকদার জিয়া বলেন, বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছেন তিনি। একই সঙ্গে দলের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক পথচলায় নানা প্রতিকূলতা ও নির্যাতনের মধ্যেও দলের আদর্শ ও সিদ্ধান্তের প্রতি অবিচল ছিলেন। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে হামলার শিকার হয়ে গুরুতর আহত হলেও গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম থেকে পিছিয়ে যাননি।
নতুন দায়িত্ব সম্পর্কে তিনি বলেন, অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালনের চেষ্টা করবেন। বরিশালকে পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করতে চান। এ জন্য বরিশালবাসীসহ সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!