যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার ২৭ কার্তিক ১৪৩৩

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে দেখছেন বিশ্বনেতারা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ০৪:০৩ AM

৭
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে দেখছেন বিশ্বনেতারা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে বিশ্বনেতারা ‘ট্রান্সফরমেটিভ লিডারশিপ’ বা রূপান্তরমূলক নেতৃত্ব হিসেবে দেখছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রীকে এভাবে অভিহিত করা হচ্ছে বলে জানান তিনি। তাঁর ভাষ্য, বাংলাদেশের ১৮ থেকে ২০ কোটি মানুষের নেতৃত্বে তারেক রহমানের ভূমিকা এবং গণতান্ত্রিক ম্যান্ডেটকে আন্তর্জাতিক নেতারা গুরুত্বের সঙ্গে দেখছেন।

বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ৩১ চলাকালে বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রী দিনব্যাপী কপ৩১-এর বিশ্বনেতা সম্মেলনের উদ্বোধনী অধিবেশন ও প্লেনারি সেশনে অংশ নেন। এ সময় বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। পাশাপাশি উজবেকিস্তানের প্রেসিডেন্ট ও চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্ট, মলদোভার প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী, কুয়েতের প্রধানমন্ত্রী, ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব, লন্ডনের মেয়র এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হয়েছে।

এসব সাক্ষাৎ আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিশ্বনেতারা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং প্রধানমন্ত্রীর নির্বাচনী ম্যান্ডেটের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তাঁরা।

বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক জোরদারের আলোচনা

হুমায়ুন কবির জানান, ব্রাজিলের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যদিকে মালদ্বীপের প্রেসিডেন্টও শিগগির বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। সিরিয়ার প্রেসিডেন্ট দেশটির পুনর্গঠন, বিনিয়োগ, দক্ষ জনশক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশের সহযোগিতা চেয়েছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ওআইসির মহাসচিবের সঙ্গে আলোচনায় ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে। এ ক্ষেত্রে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

লন্ডনের মেয়রের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন লন্ডনে অবস্থান করায় মেয়র প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছিলেন। সে অনুযায়ী তাঁদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়েছে।

চীন ও উজবেকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক

উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালু, ভিসা প্রক্রিয়া সহজ করা এবং পারস্পরিক সম্পর্ক বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান হুমায়ুন কবির। উজবেকিস্তানের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে দেশটি সফরের আমন্ত্রণ জানিয়েছেন। আগামী বছরের কোনো এক সময়ে সফরের বিষয়ে প্রধানমন্ত্রী তাঁকে আশ্বস্ত করেছেন।

চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের বিষয়টি গুরুত্ব পেয়েছে। বিশেষ করে জ্বালানি, ভারী শিল্প, কর্মসংস্থান সৃষ্টি এবং অবকাঠামো খাতে চীনা বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

বাংলাদেশের জ্বালানি খাতে ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনসহ বিভিন্ন সম্ভাবনাময় প্রকল্পে চীনের বিনিয়োগের বিষয়টি আলোচনায় এসেছে। পাশাপাশি বাংলাদেশ, চীন ও মিয়ানমারকে যুক্ত করে আঞ্চলিক অর্থনৈতিক করিডর গড়ে তোলার সম্ভাবনা নিয়েও কথা হয়েছে।

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে চীনের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। এ সংকট সমাধানে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উদ্যোগের পাশাপাশি সমন্বিত আন্তর্জাতিক প্রচেষ্টা প্রয়োজন বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এরদোয়ানের সঙ্গে বৈঠক ফলপ্রসূ

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর আগের দিনের বৈঠককে ফলপ্রসূ বলে উল্লেখ করেন হুমায়ুন কবির। তিনি বলেন, বৈঠকে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকা রাখার সম্ভাবনা নিয়েও ইতিবাচক আলোচনা হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘ অভিজ্ঞতা ও অবদান রয়েছে। মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ তৈরি হলে জাতীয় স্বার্থ বিবেচনায় সরকার ইতিবাচকভাবে তা বিবেচনা করবে।

এদিকে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান কপ৩১-এর একটি সাইড ইভেন্টে জিরো ওয়েস্ট ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন। সেখানে তিনি বর্জ্যকে সম্পদ ও জ্বালানিতে রূপান্তরে বাংলাদেশ সরকারের নীতিগত উদ্যোগ এবং এ ক্ষেত্রে প্রযুক্তিগত সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

হুমায়ুন কবির আরও জানান, বৃহস্পতিবার কপ৩১ সম্মেলনে বাংলাদেশের অবস্থান এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশের অগ্রাধিকারগুলো তুলে ধরবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া তাঁর আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি ও বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও উপ-প্রেস সচিব হাসান শিপলু উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!