আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে পুঁজি করে রাজনৈতিক ব্যবসা করেছে। বর্তমানে আরেকটি দল জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ব্যবহার করে একই ধরনের ব্যবসা করছে বলে মন্তব্য করেছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
তিনি বলেন, বিএনপি মুক্তিযুদ্ধ কিংবা জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না। বরং মুক্তিযোদ্ধা থেকে শুরু করে জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত সবাইকে যথাযথ সম্মান ও মর্যাদা দিতে চায়।
সোমবার (২ নভেম্বর) দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা ও অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্টভাবে জানিয়েছেন, প্রত্যেককে তাঁর প্রাপ্য সম্মান দেওয়া হবে। মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনার ভিত্তিতে দেশ পরিচালনা করতে হবে।
মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের অবদানের কথা স্মরণ করে কায়কোবাদ বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তাঁর হাত ধরেই বিএনপির প্রতিষ্ঠা হয়েছে।
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান
ধর্ম-বর্ণনির্বিশেষে সবার জানমাল ও মর্যাদা রক্ষা করা দায়িত্ব বলে মন্তব্য করেন ধর্মমন্ত্রী। তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ গত নির্বাচনে তাঁকে সহযোগিতা করেছেন। এমনকি তাঁর যাবজ্জীবন কারাদণ্ডের সময়ও মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন। এ জন্য তিনি তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সবাইকে মিলেমিশে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতি বজায় রাখতে হবে।
সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের কথা তুলে ধরে কায়কোবাদ বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধি, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ইমাম-মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় নেতাদের সম্মানী ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রবাসী কার্ড এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি পুনরায় চালুর মতো উদ্যোগ প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাস্তবায়িত হচ্ছে।
তিনি বলেন, আট মাসে এতগুলো উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানানো উচিত। প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সবার কাছে দোয়া চান তিনি।
খারাপ ফল করা শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও বন্ধের হুঁশিয়ারি
মুরাদনগরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ফলাফলে অসন্তোষ প্রকাশ করে ধর্মমন্ত্রী বলেন, পরীক্ষার ফলাফল তাঁকে অত্যন্ত ব্যথিত করেছে। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল পরপর দুই থেকে তিনবার খারাপ হবে, সেসব প্রতিষ্ঠানের এমপিও বন্ধের সুপারিশ করবেন তিনি।
কায়কোবাদ বলেন, সরকার থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা নেওয়া হবে, অথচ শিক্ষার্থীদের ফলাফল ভালো হবে না—এটি গ্রহণযোগ্য নয়। অভিভাবকেরা অনেক আশা নিয়ে সন্তানদের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠান। তাঁদের প্রত্যাশার প্রতিফলন শিক্ষার্থীদের ফলাফলে থাকতে হবে।
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও কল্যাণে সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, প্রতিভা স্কুল পরিদর্শন করে সেখানকার পরিবেশে তিনি অভিভূত হয়েছেন। সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যালয়টির উন্নয়নে প্রয়োজন হলে নিজের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতেও তিনি প্রস্তুত।
মুরাদনগরের উন্নয়নে পাঁচ বছরের পরিকল্পনা
শারীরিক অসুস্থতা সত্ত্বেও মুরাদনগরের মানুষের টানে এলাকায় এসেছেন বলে জানান ধর্মমন্ত্রী। তিনি বলেন, হিপ রিপ্লেসমেন্ট ও চোখের অস্ত্রোপচারের পর চিকিৎসকের পরামর্শ উপেক্ষা করেই তিনি এখানে এসেছেন। চিকিৎসার জন্য ছুটি দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
মুরাদনগরের জনগণ তাঁকে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত করায় তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কায়কোবাদ বলেন, ‘কায়কোবাদ যতক্ষণ বেঁচে আছে, ততক্ষণ আপনাদের পাশে থাকবে।’
উপজেলার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় মুরাদনগরে যেসব উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে, সেগুলো সম্পন্ন হলে আগামী পাঁচ বছরে এখানে আর উন্নয়নকাজের প্রয়োজন হবে না বলে তিনি আশা করেন।
১০ লাখ টাকা অনুদান বিতরণ
অনুষ্ঠানে ধর্মমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে বীর মুক্তিযোদ্ধাদের জন্য পাঁচ লাখ টাকা এবং অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীদের জন্য পাঁচ লাখ টাকা অনুদান দেওয়া হয়। সব মিলিয়ে বিতরণ করা হয় ১০ লাখ টাকা।
এ ছাড়া মুরাদনগর উপজেলায় এক লাখের বেশি গাছ লাগানোর কর্মসূচিতে অংশ নেওয়া স্কুল, কলেজ ও মাদ্রাসার মধ্যে প্রথম স্থান অধিকারী প্রতিষ্ঠানকে ১০ হাজার, দ্বিতীয় স্থান অধিকারীকে ৭ হাজার এবং তৃতীয় স্থান অধিকারীকে ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।
ধর্মমন্ত্রী বলেন, এই পুরস্কারের মূল উদ্দেশ্য অর্থ দেওয়া নয়, বরং বৃক্ষরোপণে অংশগ্রহণকারীদের উৎসাহিত করা। প্রধানমন্ত্রীর আহ্বানে এক উপজেলায় এক লাখের বেশি গাছ লাগানোর উদ্যোগে অংশ নেওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানে স্থানীয় মুক্তিযোদ্ধা, সনাতন ধর্মাবলম্বী, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী, শিক্ষক, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে দিনের শুরুতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিভা স্কুলের দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে শিশুদের সঙ্গে কেক কাটেন ধর্মমন্ত্রী। এ সময় শিশুদের উৎসাহ দিতে নগদ অর্থ দেন এবং বিদ্যালয়টিকে এক লাখ টাকা অনুদান দেওয়ার পাশাপাশি উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!