বাংলাদেশের পর্যটনশিল্পের বিপুল সম্ভাবনা কাজে লাগিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে দক্ষ, পেশাদার ও সেবামুখী জনশক্তি গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন পর্যটন বিশেষজ্ঞরা। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠ্যক্রমের সঙ্গে শিল্প খাতের বাস্তব চাহিদার সমন্বয় এবং সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি খাতের মধ্যে কার্যকর অংশীদারত্ব গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তাঁরা।
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহযোগিতায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) আয়োজিত এক কর্মসূচিতে এসব কথা বলেন বক্তারা। আজ রাজধানীর একটি হোটেলে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী। বিটিবির প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আইএলওর ন্যাশনাল প্রোগ্রাম অফিসার অ্যালেক্সিয়াস চিচাম।
ড. নূরুন্নাহার চৌধুরী বলেন, দেশের পর্যটনশিল্পের সম্ভাবনাকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থানে রূপ দিতে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে তোলা জরুরি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও শিল্প খাতের বাস্তব চাহিদার মধ্যে যে ব্যবধান রয়েছে, তা দূর করতে সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি খাতকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনায় স্নাতকদের কর্মসংস্থানের সুযোগ শুধু হোটেল ও রিসোর্ট ব্যবস্থাপনায় সীমাবদ্ধ নয়। বিমান চলাচল, ট্যুর পরিচালনা, ট্রাভেল এজেন্সি, অনুষ্ঠান ব্যবস্থাপনা, ডিজিটাল পর্যটন, বিপণন ও উদ্যোক্তা হিসেবেও তাঁদের কাজের সুযোগ রয়েছে।
প্রতিযোগিতামূলক চাকরির বাজারে টিকে থাকতে শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা, বিদেশি ভাষায় পারদর্শিতা, ডিজিটাল সক্ষমতা, নেতৃত্বের গুণাবলি ও পেশাগত নৈতিকতা বাড়ানোর পরামর্শ দেন তিনি।
পর্যটন খাতে নারীদের অংশগ্রহণ বাড়ানো, নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং তরুণ উদ্যোক্তাদের বিকাশের ওপরও গুরুত্ব দেন পর্যটন সচিব। শিক্ষার্থীদের জমা দেওয়া জীবনবৃত্তান্তের যথাযথ পরবর্তী কার্যক্রম নিশ্চিত করার পাশাপাশি সম্ভাব্য নিয়োগদাতাদের সঙ্গে তাঁদের যোগাযোগের ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।
বিটিবির প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী বলেন, পর্যটন খাতের দীর্ঘমেয়াদি উন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্প খাত ও সরকারের মধ্যে কার্যকর অংশীদারত্ব জরুরি। পর্যটন বিষয়ে উচ্চশিক্ষা নেওয়া অনেক শিক্ষার্থী এ খাতের কর্মসংস্থানের বিভিন্ন সুযোগ সম্পর্কে যথেষ্ট জানেন না। অন্যদিকে নিয়োগদাতাদের প্রত্যাশা ও স্নাতকদের দক্ষতার মধ্যেও ব্যবধান রয়েছে।
এই ব্যবধান কমানো এবং শিক্ষার্থী ও নিয়োগদাতাদের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরিতে এ আয়োজন কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। তাঁর মতে, কর্মসূচির সাফল্য নির্ভর করবে এর মাধ্যমে গড়ে ওঠা যোগাযোগ, কর্মসংস্থান, ইন্টার্নশিপ ও উদ্যোক্তা হওয়ার সুযোগের ওপর।
‘পর্যটনশিল্পে পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনা (টিএইচএম) শিক্ষার্থীদের পেশা ও কর্মসংস্থানের সুযোগ উন্মোচন’ শীর্ষক এ আয়োজন করা হয় আইএলওর ‘জেন্ডার রেসপনসিভ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট অ্যান্ড টিভিইটি সিস্টেমস (প্রোগ্রেস)’ প্রকল্পের আওতায়।
দেশের ১৫টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী, সাম্প্রতিক স্নাতক এবং শিক্ষক প্রতিনিধিরা এতে অংশ নেন।
নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ
কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন খাতের নিয়োগদাতাদের সঙ্গে শিক্ষার্থীদের সরাসরি মতবিনিময় এবং পছন্দের কর্মক্ষেত্র অনুযায়ী জীবনবৃত্তান্ত জমা দেওয়ার সুযোগ। সরাসরি উপস্থিত হতে না পারা শিক্ষার্থীদের জন্য অনলাইনে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার ব্যবস্থাও রাখা হয়।
পর্যটন ও আতিথেয়তা শিল্পের বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ, প্রয়োজনীয় দক্ষতা, পেশাগত চ্যালেঞ্জ ও উন্নয়নের পথ নিয়ে সাতটি বিষয়ভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় হোটেল বিক্রয় ও বিপণন, খাদ্য ও পানীয় সেবা, ট্যুর গাইডিং ও পরিচালনা, টিকিটিং ও রিজার্ভেশন, নারী উদ্যোক্তাদের সুযোগ ও চ্যালেঞ্জ, বিমান পরিবহন খাতে কর্মসংস্থান, তরুণ উদ্যোক্তা উন্নয়ন, ফ্রন্ট ডেস্ক পরিচালনা এবং হাউসকিপিংয়ের মতো বিষয় উঠে আসে।
এসব আলোচনায় ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, দ্য বেঙ্গল ট্যুরস লিমিটেড, সাবর ট্রাভেল নেটওয়ার্ক বাংলাদেশ লিমিটেড, অটার্কি ট্যুরস লিমিটেড, ইউএস-বাংলা এয়ারলাইনস, ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং শেরাটন ঢাকার অভিজ্ঞ পেশাজীবী ও প্রতিনিধিরা অংশ নেন।
বক্তারা বলেন, পর্যটন খাতে সফল হতে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা যথেষ্ট নয়। এর পাশাপাশি ব্যবহারিক প্রশিক্ষণ, ইন্টার্নশিপ, প্রযুক্তিগত দক্ষতা, ভাষাগত পারদর্শিতা, পেশাগত আচরণ ও উদ্ভাবনী চিন্তাভাবনা প্রয়োজন।
নারী ও তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে সহায়তা এবং পর্যটন খাতে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ওপরও তাঁরা গুরুত্ব দেন।
বিটিবি জানায়, এ ধরনের উদ্যোগ শিক্ষার সঙ্গে কর্মক্ষেত্রের ব্যবধান কমাতে, দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এবং তরুণদের জন্য শোভন কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে সহায়ক হতে পারে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!