দেশে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) ২০২৫ সালের হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশে প্রাপ্তবয়স্ক ডায়াবেটিস রোগীর সংখ্যা ছিল প্রায় ১ কোটি ৩৯ লাখ।
আক্রান্ত মানুষের সংখ্যার হিসাবে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম। সংস্থাটির পূর্বাভাস, ২০৫০ সালের মধ্যে দেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা বেড়ে ২ কোটি ৩১ লাখে পৌঁছাতে পারে।
এমন পরিস্থিতিতে আগামীকাল শনিবার (১৪ নভেম্বর) পালিত হবে বিশ্ব ডায়াবেটিস দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘ডায়াবেটিসে দ্রুত পদক্ষেপ’। বাংলাদেশসহ বিশ্বের প্রায় ১৭০টি দেশে দিবসটি পালিত হবে।
১৯৯১ সালে আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশন (আইডিএফ) ১৪ নভেম্বরকে বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করে। পরে ২০০৬ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘে এ-সংক্রান্ত একটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অনুরোধে বাংলাদেশ সরকার প্রস্তাবটি জাতিসংঘে উত্থাপন করেছিল। ২০০৭ সাল থেকে বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে।
বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি ও বারডেমের এন্ডোক্রাইনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. ফারিয়া আফসানা বলেন, ডায়াবেটিস প্রতিরোধে প্রি-ডায়াবেটিসে আক্রান্ত এবং উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জীবনযাত্রায় পরিবর্তন আনা জরুরি।
তিনি বলেন, শরীরের ওজন ৫ থেকে ৭ শতাংশ কমানো, সপ্তাহে অন্তত ১৫০ মিনিট দ্রুত হাঁটা বা ব্যায়াম করা এবং ভাত, ময়দা ও মিষ্টি পানীয় গ্রহণ নিয়ন্ত্রণের মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব।
ডা. ফারিয়া আফসানা আরও বলেন, ৩৫ বছর বা তার বেশি বয়সী সবার নিয়মিত ডায়াবেটিস পরীক্ষা করা উচিত। এর কম বয়সীদের মধ্যে যাঁদের অতিরিক্ত ওজন, পারিবারিক ইতিহাস, উচ্চ রক্তচাপ, পলিসিস্টিক ওভারি সিনড্রোম (পিসিওএস) কিংবা গর্ভকালীন ডায়াবেটিসের ইতিহাস রয়েছে, তাঁদেরও আগেভাগে পরীক্ষা করানো প্রয়োজন।
সচেতনতায় নানা কর্মসূচি
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এসব কর্মসূচির মূল লক্ষ্য ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং রোগ প্রতিরোধে মানুষকে উদ্বুদ্ধ করা।
সমিতির অন্যান্য অঙ্গপ্রতিষ্ঠান এবং বিভিন্ন জেলার অধিভুক্ত সমিতিগুলোও দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করবে।
এ ছাড়া ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বাড়াতে দৈনিক পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, ‘কান্তি’ ও ‘ডায়াবেটিস নিউজলেটার’-এর বিশেষ সংখ্যা প্রকাশ এবং সচেতনতামূলক পোস্টার, লিফলেট ও স্টিকার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!