জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক অর্থায়নের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ঋণ নিলে দেশের ঋণের বোঝা আরও বাড়বে বলে মনে করেন তিনি।
আজ শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে স্পষ্ট করে বলেছেন, বাংলাদেশের অনুদান প্রয়োজন, ঋণ নয়। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক অর্থায়ন জরুরি।
এর আগে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ৩১-এ অংশগ্রহণ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফিরলে বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান রুহুল কবির রিজভী। সকাল ৫টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকায় অবতরণ করে।
কপ৩১-এ পাঁচ দফা প্রস্তাব
প্রেস ব্রিফিংয়ে রুহুল কবির রিজভী বলেন, গত ৯ নভেম্বর প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২১ সদস্যের প্রতিনিধি দল কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের আন্তালিয়ায় যায়। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।
রিজভী বলেন, সম্মেলনের মাধ্যমে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের প্রয়োজন, অবস্থান ও করণীয় বিশ্বনেতাদের সামনে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। বিশ্ব উষ্ণায়নের ঝুঁকি কমাতে তিনি বাংলাদেশের পক্ষ থেকে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন। এর মধ্যে রয়েছে জলবায়ু অর্থায়ন, ঋণের পরিবর্তে অনুদান, নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন এবং আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার নিশ্চিত করা।
গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে আন্তর্জাতিক সহযোগিতার ওপরও প্রধানমন্ত্রী গুরুত্ব দিয়েছেন বলে জানান রিজভী। এ বিষয়ে তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গেও আলোচনা করেছেন।
পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা
প্রধানমন্ত্রীর জলবায়ুবিষয়ক উদ্যোগ তুলে ধরে রিজভী বলেন, আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছেন তারেক রহমান। ইতিমধ্যে এ কর্মসূচির আওতায় সাত-আট মাসে প্রায় তিন থেকে চার কোটি গাছ লাগানো হয়েছে। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা, স্কুল ও কলেজ এ কার্যক্রমে অংশ নিয়েছে।
বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি এবং এর ফলে প্রাণহানির ঘটনা জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা তুলে ধরছে উল্লেখ করে রিজভী বলেন, ইউরোপের বিভিন্ন দেশেও এ বছর তীব্র তাপপ্রবাহে মানুষের মৃত্যু হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় বৈশ্বিক উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতা জরুরি।
তিনি বলেন, জলবায়ু অভিযোজন কার্যক্রম জোরদারে সম্মেলনে প্রধানমন্ত্রীর দেওয়া প্রস্তাবগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এসব প্রস্তাব বাস্তবায়িত হলে বাংলাদেশসহ জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলো উপকৃত হবে।
প্রধানমন্ত্রীর সফরকে ফলপ্রসূ উল্লেখ করে রিজভী বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের অবস্থান, উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্বনেতাদের সামনে তুলে ধরার মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পেয়েছে।
বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক
কপ৩১ ও আন্তালিয়া লিডার্স সামিটে অংশ নিতে গত ১০ নভেম্বর তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। গত বৃহস্পতিবার কপ৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে ভাষণ দেন তিনি। ভাষণে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজন মেটাতে পাঁচটি জরুরি পদক্ষেপের কথা তুলে ধরেন।
সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এডওয়ার্ড মিলিব্যান্ডের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী।
এ ছাড়া ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্টদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। মলদোভা, পাকিস্তান ও কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেন তারেক রহমান। পাশাপাশি ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব, লন্ডনের মেয়র এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!