যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার ২৮ কার্তিক ১৪৩৩

প্রধানমন্ত্রীর আগের পরিকল্পনাগুলোই এখন বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ০৫:২৭ AM

৬
প্রধানমন্ত্রীর আগের পরিকল্পনাগুলোই এখন বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব

প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার পরিচালনার দায়িত্ব নেওয়ার আগে যেসব পরিকল্পনার কথা জানিয়েছিলেন, সেগুলোই এখন দেশে বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন তাঁর প্রেস সচিব সালেহ শিবলী।

আজ শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন সালেহ শিবলী।

প্রেস সচিব বলেন, সরকার পরিচালনার দায়িত্ব নেওয়ার আগেই প্রধানমন্ত্রী তারেক রহমান ২৫ কোটি বৃক্ষরোপণ এবং ২০ হাজার মাইল খাল খননের পরিকল্পনার কথা জাতিকে জানিয়েছিলেন। বিশ্ব জলবায়ু সম্মেলনেও তিনি এসব পরিকল্পনার কথা তুলে ধরেছেন। এখন দেশে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা হচ্ছে।

সালেহ শিবলী জানান, কপ৩১ সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে পাঁচ দফা দাবি তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। গত বৃহস্পতিবার সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজন মেটাতে পাঁচটি জরুরি পদক্ষেপের কথা বলেন।

প্রেস সচিব বলেন, গত ৯ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় শুরু হওয়া কপ৩১ সম্মেলন চলবে ২০ নভেম্বর পর্যন্ত। সম্মেলনের গুরুত্বপূর্ণ দুটি দিন ছিল ১১ ও ১২ নভেম্বর। এ সময় প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছেন। সম্মেলনে এখনো বিভিন্ন আলোচনা, সেমিনার ও কর্মসূচি চলছে।

প্রধানমন্ত্রীর সফরের কর্মসূচি সম্পর্কে সালেহ শিবলী বলেন, এ সফরে তাঁর একাধিক দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠক হয়েছে। পাশাপাশি বিভিন্ন বিষয়ে সেমিনার ও সিম্পোজিয়ামেও অংশ নিয়েছেন তিনি।

সম্মেলনে বাংলাদেশের উত্থাপিত দাবিগুলোর বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানানো হবে উল্লেখ করে প্রেস সচিব বলেন, আগামী এক-দুই দিনের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়গুলো তুলে ধরবে বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর সংখ্যা প্রসঙ্গে সালেহ শিবলী বলেন, এবার তুরস্ক সফরে গেছেন মাত্র ২১ জন। এটিকে তিনি ইতিবাচক দিক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর আসা-যাওয়াকে কেন্দ্র করে আগে বিমানবন্দরে হাজার হাজার, লাখ লাখ মানুষের সমাগমের পরিস্থিতি তৈরি হতো। এখন সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা সম্ভব হয়েছে।

উল্লেখ্য, কপ৩১ ও আন্তালিয়া লিডার্স সামিটে অংশ নিতে গত ১০ নভেম্বর তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরা। আজ শুক্রবার সকাল ৫টা ৪০ মিনিটে তাঁদের বহনকারী তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!