বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ বাড়ানো এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজনকে আন্তর্জাতিক আলোচনায় অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ৩১)-এর সাইডলাইনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেন তারেক রহমান।
সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত বৈঠকের তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।
বৈঠকে জলবায়ু পরিবর্তন, বিনিয়োগ, কৃষি খাতের উন্নয়ন এবং রোহিঙ্গা সংকটসহ দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে আসে।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে অ্যান্থনি আলবানিজ আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আশা প্রকাশ করেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও তারেক রহমানকে তাঁর দেশ সফরের আমন্ত্রণ জানান। তারেক রহমানও সুবিধাজনক সময়ে অস্ট্রেলিয়া সফরের আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর, বিশেষ করে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্ব দেন তারেক রহমান। কপ৩১-এর চলমান আলোচনা প্রক্রিয়ায় অস্ট্রেলিয়ার নেতৃত্বের ভূমিকারও প্রশংসা করেন তিনি।
বাংলাদেশে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশে বর্তমানে অস্ট্রেলীয় বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে। এ সময় দুই দেশের প্রধানমন্ত্রী কৃষি খাতের উন্নয়ন নিয়েও আলোচনা করেন।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তারেক রহমান বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফিরিয়ে নেওয়া প্রয়োজন। এ প্রত্যাবাসন নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার কূটনৈতিক সহযোগিতা ও তৎপরতা আরও জোরদার করার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর স্থায়ী সমাধানও মিয়ানমারেই নিহিত।
বৈঠকে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের পরিকল্পনাও তুলে ধরেন তারেক রহমান। তিনি জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের উদ্যোগ নিয়েছে সরকার।
এ ছাড়া পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এর মধ্যে দেশব্যাপী ২৫ কোটি গাছ লাগানো এবং খাল খনন কর্মসূচির বিষয়টিও উল্লেখ করেন তিনি।
আরএস--রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!