অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান জোরদারের পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় ফ্লাডলাইট স্থাপন এবং থার্মাল ড্রোন ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির দায়িত্বপূর্ণ প্রায় ৯৯ কিলোমিটার সীমান্তের ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় দিন-রাত সতর্ক অবস্থানে থেকে বিশেষ টহল পরিচালনা করছেন বিজিবি সদস্যরা। পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা।
রাতের অন্ধকারে সীমান্ত পর্যবেক্ষণ আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ফ্লাডলাইট স্থাপনের কাজ শুরু হয়েছে। একই সঙ্গে থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। এর ফলে দুর্গম ও অন্ধকারাচ্ছন্ন এলাকায় সন্দেহজনক চলাচল দ্রুত শনাক্ত করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে জানিয়েছে বিজিবি।
ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা অনুপ্রবেশের চেষ্টা বরদাশত করা হবে না। কোনো বিতর্কিত পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাকে আইনের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, দেশের সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অবৈধভাবে অনুপ্রবেশ কিংবা দেশত্যাগ করতে না পারে, সে জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের প্রতিটি স্পর্শকাতর এলাকায় সদস্যদের নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
সীমান্তবাসীর সহযোগিতা চায় বিজিবি
সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকদের সহযোগিতার ওপর গুরুত্ব দিয়েছেন বিজিবি অধিনায়ক। তিনি বলেন, সীমান্ত এলাকায় অপরিচিত বা সন্দেহভাজন ব্যক্তির চলাচল, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা কিংবা সন্দেহজনক কোনো কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্পে জানাতে হবে।
এ লক্ষ্যে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় বৈঠক শুরু করেছেন বিজিবি কর্মকর্তারা। এসব বৈঠকে দেশের স্বার্থে সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সদস্যদের সহযোগিতা করার আহ্বান জানানো হচ্ছে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!