যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার ২৭ কার্তিক ১৪৩৩

বেকারি পণ্যের দাম ও আকারে চাপে নিম্ন আয়ের মানুষ

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ০৬:২৭ AM

১
বেকারি পণ্যের দাম ও আকারে চাপে নিম্ন আয়ের মানুষ

প্রতিদিন ভোরে রিকশা নিয়ে রাস্তায় বের হন ৪৫ বছর বয়সী মোমেন মিয়া। ঘণ্টাখানেক রিকশা চালানোর পর ক্ষুধা লাগলে ভরসা করেন রাস্তার পাশের টং দোকানে। একটি বনরুটি, কলা, কেক আর এক কাপ চা দিয়ে সকালের নাশতা সারেন তিনি। এতে খরচ হয় প্রায় ৪০ টাকা। অথচ কয়েক বছর আগেও একই ধরনের নাশতা করতে তাঁর খরচ হতো ২০ থেকে ৩০ টাকা।

মোমেন মিয়ার মতো নিম্ন আয়ের মানুষ, দিনমজুর, রিকশা-ভ্যানচালক ও শিক্ষার্থীদের জন্য বেকারি পণ্যের বাড়তি দাম এখন বাড়তি চাপ তৈরি করেছে। সীমিত আয়ের কারণে প্রতিদিনের খাবারের বাজেট এমনিতেই টানাটানির মধ্যে থাকে। তার ওপর পাউরুটি, বনরুটি, কেক ও বিস্কুটের দাম বাড়ায় সামান্য নাশতা কিনতেও হিসাব করতে হচ্ছে তাঁদের।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বরে দেশে সাধারণ মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৪ শতাংশে। আগস্টে এ হার ছিল ৮ দশমিক ২৬ শতাংশ। একই সময়ে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৭ দশমিক ২২ শতাংশ, যা আগস্টে ছিল ৭ দশমিক ০২ শতাংশ।

২০২১ সাল নাগাদ দেশে সাধারণ মূল্যস্ফীতি ৫ দশমিক ৫ থেকে ৬ শতাংশের মধ্যে ছিল। করোনা-পরবর্তী বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, আন্তর্জাতিক বাজারে গম, ভোজ্যতেল ও জ্বালানির দাম বৃদ্ধি এবং ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে পরবর্তী সময়ে বাজারে চাপ বাড়ে। কাঁচামাল ও পরিবহন ব্যয় বৃদ্ধির ফলে ২০২৪ সালের দিকে খাদ্য মূল্যস্ফীতি ১৪ শতাংশ ছাড়িয়েছিল।

গত পাঁচ বছরে বেকারি পণ্যের বাজারেও বড় পরিবর্তন এসেছে। আগে ২০ টাকায় যে নাশতা করা যেত, এখন একই ধরনের নাশতায় খরচ হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা। ফলে নিম্ন আয়ের মানুষের দৈনন্দিন ব্যয় বেড়েছে।

বাংলাদেশ অটো বিস্কুট অ্যান্ড ব্রেড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিএবিবিএমএ) সভাপতি শফিকুর রহমান ভূঁইয়া বলেন, কাঁচামালের দাম বৃদ্ধি, গ্যাস-বিদ্যুতের উচ্চমূল্য এবং শ্রমিক অসন্তোষসহ বিভিন্ন কারণে বেকারি পণ্যের উৎপাদন ব্যয় বেড়েছে। উৎপাদন খরচ সামাল দিতে ইতিমধ্যে বিভিন্ন ধরনের মূল্যছাড়ের অফার বন্ধ করা হয়েছে।

তিনি বলেন, উৎপাদনকারীরাও পণ্যের দাম বাড়াতে চান না। এ জন্য সরকারের কাছে নীতিগত সহায়তা চাওয়া হচ্ছে। গ্যাস ও বিদ্যুতের মতো সেবায় ভর্তুকি কিংবা নির্দিষ্ট সময়ের জন্য ভ্যাটমুক্ত সুবিধা দেওয়া হলে উৎপাদনকারীরা বর্তমান পরিস্থিতিতে টিকে থাকতে পারবেন। এ বিষয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে উৎপাদন খাতের সমস্যাগুলো তুলে ধরে সহায়তা চাওয়া হবে বলেও জানান তিনি।

দাম বাড়ছে, কমছে পণ্যের আকার

রাজধানীর বিভিন্ন এলাকার টং দোকান ঘুরে দেখা গেছে, পাউরুটি, বনরুটি, চাকরুটি, নসিবন, মধুবন, কেক, মিষ্টি ও লাড্ডুসহ বিভিন্ন বেকারি পণ্যের দাম ১০ থেকে ৮০ টাকার মধ্যে। শুধু দাম বাড়ানো নয়, কোনো কোনো প্রতিষ্ঠান পণ্যের দাম অপরিবর্তিত রেখে ওজন ও আকার কমিয়ে দিয়েছে।

১৫ টাকার একটি কেকের প্যাকেটের আকার ছোট লাড্ডুর মতো হয়ে এসেছে। একই চিত্র দেখা যাচ্ছে শিশুদের পছন্দের চিপসের ক্ষেত্রেও। বিভিন্ন দামের চিপসের প্যাকেট খুললে ভেতরে পণ্যের তুলনায় বাতাসের পরিমাণ বেশি বলে অভিযোগ ক্রেতাদের।

এ ছাড়া পাঁচ টাকার বিস্কুটের দাম অপরিবর্তিত থাকলেও আকার ছোট হয়েছে। ১০ টাকার বিস্কুটের প্যাকেটেও আগের তুলনায় পরিমাণ কমেছে। অর্থাৎ দাম একই রেখে পণ্যের ওজন বা পরিমাণ কমানোর প্রবণতাও দেখা যাচ্ছে বাজারে।

টং দোকানে একটি ভালো মানের কলা কিনতে খরচ হচ্ছে ১৫ থেকে ২০ টাকা। এক কাপ রং চায়ের দাম ১০ টাকা বা তার বেশি। দুধ চায়ের দাম ১৫ থেকে ২০ টাকা। অন্যদিকে রাজধানীতে গড়ে ওঠা লাইভ বেকারিগুলোর পণ্যের দামও তুলনামূলক বেশি, যা নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে।

দাম নির্ধারণে নিয়ন্ত্রণ চান ক্যাবের নেতা

বেকারি পণ্যের দাম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সিনিয়র সহসভাপতি নাজের হোসাইন। তিনি বলেন, বাজারে বেকারি পণ্যের দাম নিয়ে অরাজকতা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা বা মতামত ছাড়াই হুটহাট দাম বাড়ানোর প্রবণতা পুরো খাদ্যবাজারের জন্য অশনিসংকেত।

নাজের হোসাইন বলেন, কোনো পণ্যের দাম সমন্বয়ের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে যৌক্তিক মূল্য নির্ধারণ করা উচিত। এতে দামের ক্ষেত্রে কোনো অসংগতি থাকলে সরকার তা নিরসনের সুযোগ পাবে।

তিনি আরও বলেন, এর আগে বাণিজ্যমন্ত্রীর হস্তক্ষেপে বেকারি পণ্য প্রস্তুতকারক ব্যবসায়ীদের ২০ শতাংশ দাম বাড়ানোর ঘোষণা প্রত্যাহার করা হয়েছিল। তবে বাজারে এর ইতিবাচক প্রভাব দেখা যায়নি। কাঁচামালের দাম বৃদ্ধির অজুহাতে এক লাফে প্রায় ২০ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাবের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

বাজারে দুর্বল তদারকি ও সিন্ডিকেটের প্রভাবের বিষয়টিও তুলে ধরেন ক্যাবের এই নেতা। তাঁর অভিযোগ, মিষ্টি ও বেকারি পণ্যের বাজারে সরকারি তদারকি সংস্থাগুলোর দৃশ্যমান কার্যক্রম না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছামতো দাম নির্ধারণের সুযোগ পাচ্ছেন। নিয়মিত নজরদারির অভাবে এর চাপ পড়ছে সাধারণ ভোক্তাদের ওপর।

নাজের হোসাইন বলেন, জনস্বার্থে বাজারের এ পরিস্থিতি নিয়ন্ত্রণ করা জরুরি। বেকারি পণ্যসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাজারে সরকারের কার্যকর নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

 

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!