জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পর্যাপ্ত অনুদানভিত্তিক ও সহজ শর্তের অর্থায়ন নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
তিনি বলেছেন, বাংলাদেশে জলবায়ু অভিযোজন কার্যক্রম বাস্তবায়নে প্রতিবছর প্রায় ৮৫০ কোটি মার্কিন ডলার প্রয়োজন। অথচ বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় ৪০০ কোটি ডলার। এর মধ্যে আন্তর্জাতিক উৎস থেকে আসছে ৫০ কোটি ডলারেরও কম। ফলে অভিযোজন কার্যক্রমে অর্থায়নের বড় ঘাটতি রয়েছে।
বুধবার তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ৩১)-এর বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
‘ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটেশন ইন বাংলাদেশ: ফ্রম ন্যাশনাল সাকসেস টু গ্লোবাল স্কেল আপ’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।
শেখ ফরিদুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করতে উন্নত দেশ ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের এগিয়ে আসতে হবে। বিশেষ করে অভিযোজন খাতে অর্থায়ন বাড়ানো এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়নের সুযোগ সম্প্রসারণ করা প্রয়োজন।
জলবায়ু পরিবর্তনের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও দুর্যোগ ঝুঁকি হ্রাস, আগাম সতর্কীকরণ ব্যবস্থা, স্থানীয় পর্যায়ে অভিযোজন এবং নিজস্ব অর্থায়নে জলবায়ু কার্যক্রম বাস্তবায়নে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বলে জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ১৯৯১ সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ে প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষের প্রাণহানির পর দুর্যোগ মোকাবিলায় সুপরিকল্পিত ও সমন্বিত উদ্যোগ নেয় বাংলাদেশ। এর ধারাবাহিকতায় দেশে ৪ হাজার ২০০টির বেশি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে। পাশাপাশি ৭৬ হাজারের বেশি স্বেচ্ছাসেবকের মাধ্যমে আগাম সতর্কবার্তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।
নিজস্ব অর্থায়নে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড গঠন এবং ২৫টি মন্ত্রণালয় ও বিভাগের জলবায়ুসংশ্লিষ্ট ব্যয় চিহ্নিত করার ব্যবস্থার কথাও তুলে ধরেন তিনি। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, দেশের মোট অভিযোজন ব্যয়ের প্রায় ৮৮ শতাংশ জাতীয় বাজেট থেকে নির্বাহ করা হচ্ছে।
অর্থায়নের ঘাটতি পূরণে কয়েকটি বিষয়ে গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। এর মধ্যে রয়েছে অনুদান ও সহজ শর্তে জলবায়ু অর্থায়ন বৃদ্ধি, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাছে সরাসরি অর্থ পৌঁছানোর ব্যবস্থা জোরদার এবং জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় গঠিত তহবিল দ্রুত কার্যকর করা।
এ সময় বাংলাদেশের জলবায়ু অভিযোজন কার্যক্রমে ইউএনডিপির দীর্ঘদিনের সহযোগিতা ও অংশীদারত্বের প্রশংসা করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আউয়াল বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে জলবায়ু অভিযোজন ও উন্নয়ন পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। কার্যকর অভিযোজন ব্যবস্থা ছাড়া টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের অগ্রগতি ধরে রাখা সম্ভব নয়।
তিনি বলেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ ঘটলেও বাংলাদেশের জলবায়ু ঝুঁকি কমবে না। তাই অভিযোজন খাতে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখা জরুরি।
অনুষ্ঠানে বাংলাদেশের জলবায়ু অভিযোজন কার্যক্রমের সাফল্য ও অভিজ্ঞতা নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে ইউএনডিপি সদর দপ্তরের জ্যেষ্ঠ কারিগরি উপদেষ্টা রোহিনী কোহলির সঞ্চালনায় প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় অংশ নেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (জলবায়ু পরিবর্তন অনুবিভাগ) ধরিত্রী কুমার সরকার, সুইডিশ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থার (সিডা) রেজাল্টস বিভাগের উপপ্রধান উলরিকা অকেসন এবং ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইএসডিবি) জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিভাগের ব্যবস্থাপক ড. দাউদা এনদিয়াই। বুধবার এক তথ্য বিবরণীতে এসব তথ্য জানানো হয়েছে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!