জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর অধিকার প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক পর্যায়ে তাদের সম্মিলিত দাবি তুলে ধরতে নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ। জলবায়ু অর্থায়নে ঋণের পরিবর্তে অনুদান, ন্যায্য জ্বালানি রূপান্তর, সবুজ কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশবান্ধব পণ্যের বৈশ্বিক বাজার সম্প্রসারণকে গুরুত্ব দিচ্ছে সরকার।
প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী এবং কপ৩১-এ বাংলাদেশ প্রতিনিধিদলের ডেপুটি পার্টি হেড ড. মো. সাইমুম পারভেজ এসব কথা বলেছেন।
আজ বুধবার কপ৩১ সম্মেলন চলাকালে বাংলাদেশ প্যাভিলিয়নে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাংলাদেশ শুধু নিজের জলবায়ু সংকটের চিত্র তুলে ধরছে না, বরং বিশ্বের জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অধিকার আদায়েও ভূমিকা রাখতে চায়।
ড. সাইমুম পারভেজ বলেন, বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান অত্যন্ত সামান্য। অথচ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে দেশটিকে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হচ্ছে। এ কারণে অভিযোজন, প্রশমন এবং লস অ্যান্ড ড্যামেজ তহবিলের পরিমাণ বাড়ানোর দাবি জোরালোভাবে তুলে ধরছে বাংলাদেশ।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয়, এমন দেশগুলোর ওপর অতিরিক্ত ঋণের বোঝা চাপিয়ে দেওয়া ন্যায়সংগত নয়। তাই জলবায়ু অর্থায়ন ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক হওয়া প্রয়োজন। এ লক্ষ্যে ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ), স্বল্পোন্নত দেশগুলোর জোট (এলডিসি) এবং বাংলাদেশ-ভুটান-নেপাল আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর দাবি আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা হচ্ছে।
কপ৩১-এ প্রধানমন্ত্রীর অংশগ্রহণকে বাংলাদেশের পরিবেশ ও জলবায়ু বিষয়ে অঙ্গীকারের গুরুত্বপূর্ণ প্রতিফলন উল্লেখ করে তিনি বলেন, এবারের সম্মেলনে বাংলাদেশের অন্যতম অগ্রাধিকার হচ্ছে ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করা। জীবাশ্ম জ্বালানিনির্ভর অর্থনীতি থেকে নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক অর্থনীতিতে যাওয়ার পাশাপাশি বিদ্যমান শ্রমিকদের কর্মসংস্থান সুরক্ষা এবং নতুন সবুজ কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার।
পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বাড়াতে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণ এবং ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের কর্মসূচি নেওয়া হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, বর্জ্য ব্যবস্থাপনা, মিথেন নিঃসরণ কমানো এবং পরিবেশবান্ধব শিল্পের বিকাশে গুরুত্ব দেওয়া হচ্ছে।
জলবায়ু অভিযোজন সক্ষমতার বিষয়ে ড. সাইমুম পারভেজ বলেন, ঘূর্ণিঝড় ও বন্যার আগাম সতর্কীকরণ ব্যবস্থা, স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণ, লবণসহিষ্ণু ফসল এবং ভাসমান কৃষির মতো উদ্যোগের মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এসব অভিজ্ঞতা বিশ্বের অন্যান্য জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জন্য অনুসরণযোগ্য হতে পারে।
বিশ্ববাজারে পাট ও জীবাণুবিয়োজ্য পণ্যের সম্ভাবনা নিয়েও কথা বলেন তিনি। তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদল পাট ও প্লাস্টিকের বিকল্প পরিবেশবান্ধব পণ্য আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের প্রস্তাব দিয়েছে। এ বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে এবং ভবিষ্যতে কারিগরি সহযোগিতার সম্ভাবনাও তৈরি হয়েছে। এসব পণ্যের প্রচার ও প্রদর্শনের জন্য বাংলাদেশি প্যাভিলিয়ন স্থাপনের পরিকল্পনাও রয়েছে।
কার্বন বাজারে বাংলাদেশের অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে তিনি জানান, জাতীয় কার্বন বাজারের নীতিগত কাঠামো তৈরি এবং কার্বন রেজিস্ট্রি প্রতিষ্ঠার কাজ এগিয়ে চলছে। এর মাধ্যমে আন্তর্জাতিক কার্বন বাজার থেকে জলবায়ু অর্থায়নের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করছে সরকার।
বুধবার এক তথ্য বিবরণীতে এসব তথ্য জানানো হয়েছে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!