চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চলে (সিইআইজেড) আগামী ১৮ মাসের মধ্যে প্রথম কারখানায় উৎপাদন শুরু করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া এই লক্ষ্য বাস্তবায়নে কাজ চলছে এবং চীনা ডেভেলপারও নির্ধারিত সময়ের মধ্যে উৎপাদন শুরুর প্রতিশ্রুতি দিয়েছে।
সোমবার চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বেলচূড়া এলাকায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বেজার পাশাপাশি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব পালন করা আশিক চৌধুরী জানান, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের সময় অর্থনৈতিক অঞ্চলটির ডেভেলপার প্রতিষ্ঠানের চেয়ারম্যানের সঙ্গে প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
তিনি বলেন, শুরুতে ডেভেলপার প্রতিষ্ঠান প্রকল্পটি চালু করতে তিন থেকে পাঁচ বছর সময় লাগতে পারে বলে জানিয়েছিল। তবে প্রধানমন্ত্রী ১৮ মাসের মধ্যে প্রথম কারখানায় উৎপাদন শুরু করার লক্ষ্য নির্ধারণ করে দিলে ডেভেলপারও সেই সময়সীমা মেনে কাজ করার অঙ্গীকার করে।
চীনা বিনিয়োগকারীদের সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানিয়ে আশিক চৌধুরী বলেন, বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের সম্মানিত অতিথি। তাদের বিনিয়োগ দেশের শিল্পায়ন, রপ্তানি বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন এবং আনোয়ারাবাসীর প্রতি বিনিয়োগকারীদের সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, অর্থনৈতিক অঞ্চলটি দ্রুত চালু হলে পুরো এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে এবং হাজারো মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
বিনিয়োগকারীদের যেকোনো সমস্যা সমাধানে সরকার ও সংশ্লিষ্ট সব সংস্থা একযোগে কাজ করবে উল্লেখ করে বেজা চেয়ারম্যান বলেন, দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে বিদেশি বিনিয়োগের বিকল্প নেই। জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!