খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশবান্ধব কৃষি ও জলবায়ু-সহিষ্ণুতা জোরদারে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) আবাসিক প্রতিনিধি ও কান্ট্রি ডিরেক্টর কোকো এইচ. উশিয়ামার সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়টি জানানো হয়।
বৈঠকে শামা ওবায়েদ খাদ্য নিরাপত্তা, পুষ্টি, সামাজিক সুরক্ষা এবং মানবিক সহায়তা খাতে বাংলাদেশের সঙ্গে ডব্লিউএফপির দীর্ঘদিনের সহযোগিতার প্রশংসা করেন।
তিনি বলেন, সীমিত সম্পদ থাকা সত্ত্বেও বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য ডব্লিউএফপির অব্যাহত সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোহিঙ্গাদের খাদ্য ও পুষ্টি সহায়তা নিরবচ্ছিন্ন রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ধারাবাহিক সহযোগিতারও প্রয়োজন রয়েছে।
প্রতিমন্ত্রী দেশের স্কুল মিলস কর্মসূচিতে ডব্লিউএফপির অবদানের প্রশংসা করে খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী করতে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে পরিবেশবান্ধব কৃষি সম্প্রসারণ এবং জলবায়ু-সহিষ্ণু বাংলাদেশ গড়ার অংশ হিসেবে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির কথাও তুলে ধরেন।
তিনি ডব্লিউএফপির কার্যপরিধির আওতাভুক্ত সরকারি উদ্যোগ, বিশেষ করে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে সংস্থাটির সহযোগিতা কামনা করেন। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অংশীদারত্ব আরও জোরদারের আহ্বান জানান।
বৈঠকে কোকো এইচ. উশিয়ামা বলেন, ডব্লিউএফপি ক্ষুধার মূল কারণ মোকাবিলার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ফলে কৃষি, খাদ্য নিরাপত্তা ও পুষ্টির ওপর সৃষ্টি হওয়া ঝুঁকি কমাতে কাজ করছে। বিশেষ করে নারী ও শিশুদের সুরক্ষায় সংস্থাটি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
তিনি খুলনা বিভাগ ও হবিগঞ্জ জেলায় ডব্লিউএফপির চলমান কার্যক্রম, সামাজিক নিরাপত্তা, জলবায়ু-সহিষ্ণুতা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং ভূমিকম্প প্রস্তুতি বিষয়ে সংস্থাটির উদ্যোগ সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন।
বৈঠকে উভয় পক্ষ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, টেকসই উন্নয়ন ত্বরান্বিত করা এবং নিরাপদ, জলবায়ু-সহিষ্ণু ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে বাংলাদেশ ও ডব্লিউএফপির অংশীদারত্ব আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
আরএস- রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!