দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণ বাড়াতে বুথ ভাড়া মওকুফের ঘোষণা দিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খন্দকার আবদুল মুক্তাদির।
সোমবার পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে (বিগ ওয়েভ) আয়োজিত ‘১০ম চীন–দক্ষিণ এশিয়া প্রদর্শনী’ ও ‘৩০তম চীন–কুনমিং আমদানি-রপ্তানি মেলা–২০২৬’ বিষয়ে অভিজ্ঞতা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
মন্ত্রী বলেন, দেশের রপ্তানি বাণিজ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের অবদান গুরুত্বপূর্ণ। কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেকেই আন্তর্জাতিক মেলায় অংশ নিতে পারেন না। তাই তাদের অংশগ্রহণ সহজ করতে বুথ ভাড়া মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি জানান, ব্যবসা-বাণিজ্যের প্রসারে সরকার নানা উদ্যোগ নিচ্ছে। ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনা আরও সহজ করতে ট্রেড লাইসেন্সের মেয়াদ পাঁচ বছর করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ঘরে বসেই অনলাইনে ট্রেড লাইসেন্স পাওয়ার ব্যবস্থাও চালু করা হবে বলে জানান তিনি।
সভায় রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান।
এ ছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ বহুমুখী পাটজাত পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি মো. রাশেদুল করিম মুন্না এবং ফুটওয়্যার ও চামড়াজাত পণ্য উৎপাদনকারী ও রপ্তানিকারক সমিতির সহসভাপতি মো. নাসির খান বক্তব্য দেন।
অনুষ্ঠানে ক্ষুদ্র উদ্যোক্তারা কুনমিং আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণের অভিজ্ঞতা তুলে ধরেন এবং বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন। বাণিজ্যমন্ত্রী তাদের মতামত শুনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এর আগে অনুষ্ঠানের শুরুতে বাণিজ্যমন্ত্রী ও উপস্থিত অতিথিরা রপ্তানি উন্নয়ন ব্যুরো প্রকাশিত ত্রৈমাসিক পত্রিকার মোড়ক উন্মোচন করেন।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!