পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান বলেছেন, সহকর্মীদের সঙ্গে তার সুসম্পর্ক থাকলেও হানিয়া আমির, সাজাল আলি বা ইকরা আজিজের কারও সঙ্গে ব্যক্তিগত বন্ধুত্ব নেই। ব্যস্ততার কারণে একে অপরের সঙ্গে নিয়মিত দেখা-সাক্ষাৎ বা সময় কাটানোর সুযোগ হয় না বলেও জানান তিনি।
সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডনে গাজা ত্রাণ তহবিলের জন্য আয়োজিত একটি চ্যারিটি অনুষ্ঠানে ভক্তদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মাহিরা। অনুষ্ঠানে এক ভক্ত জানতে চান, ভবিষ্যতে সাজাল আলি, হানিয়া আমির ও ইকরা আজিজের মধ্যে কার সঙ্গে কাজ করতে চান তিনি। জবাবে মাহিরা প্রথমেই বলেন, “আমাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ, কিন্তু ব্যক্তিগতভাবে আমরা ঘনিষ্ঠ বন্ধু নই।”
তিনি বলেন, সবারই ব্যস্ত কর্মসূচি থাকায় নিয়মিত আড্ডা বা দেখা করার সুযোগ তৈরি হয় না। তবে পাকিস্তানের বিনোদন অঙ্গনে সহশিল্পীদের মধ্যে দ্বন্দ্ব বা প্রতিদ্বন্দ্বিতার যে গুঞ্জন রয়েছে, তা সত্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
সহশিল্পী সাজাল আলির প্রশংসা করে মাহিরা বলেন, ভবিষ্যতে যদি দুজন একসঙ্গে কোনো সিনেমায় অভিনয়ের সুযোগ পান, তাহলে সেটি পাকিস্তানের চলচ্চিত্রে নতুন ইতিহাস গড়তে পারে। লন্ডনের অনুষ্ঠানে দেওয়া মাহিরার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেক ভক্ত তার খোলামেলা বক্তব্যের প্রশংসা করেছেন। একই সঙ্গে মাহিরা ও সাজালকে একসঙ্গে বড় পর্দায় দেখার প্রত্যাশাও জানিয়েছেন অনেকে।
কাজের ক্ষেত্রে সম্প্রতি ‘লাভ গুরু’, ‘নিলোফার’ ও ‘আগ লাগে বস্তি মে’–তে দেখা গেছে মাহিরাকে। এর আগে ‘হাম কাহান কে সাচে থে’, ‘সাদকে তুমহারে’, ‘বিন রোয়ে’ ও ‘কায়েদ-ই-আজম জিন্দাবাদ’সহ একাধিক জনপ্রিয় নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। খুব শিগগিরই অভিনেতা ওয়াহাজ আলির বিপরীতে নতুন নাটক ‘মিত্টি দে বাওয়ে’-তে দেখা যাবে তাকে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!