যুক্তরাষ্ট্র   বুধবার ২৯ জুলাই ২০২৬, বুধবার ১৩ শ্রাবণ ১৪৩৩

বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব করতে কাজ করছে সরকার

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬, ০৫:৫৫ AM

বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব করতে কাজ করছে সরকার

বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সঙ্গে বিশ্বের বিভিন্ন অঞ্চলের সংযোগকারী একটি আঞ্চলিক বিমান চলাচলের কেন্দ্র (এভিয়েশন হাব) হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

সোমবার রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত ‘সৌদিয়া ও এইচএসবিসি: বৈশ্বিক সংযোগে শক্তিশালী অংশীদারত্ব—বাংলাদেশে সৌদিয়ার যাত্রা উদযাপন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ বিমান চলাচল খাতে নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছে। আধুনিক বিমানবন্দর অবকাঠামো নির্মাণ, যাত্রীসেবার মানোন্নয়ন এবং বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আকাশপথে সংযোগ সম্প্রসারণে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে।

আফরোজা খানম বলেন, সরকারের লক্ষ্য বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করা, যা দক্ষিণ এশিয়াকে বিশ্বের বৃহত্তর অর্থনৈতিক ও বাণিজ্যিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করবে। এ লক্ষ্য বাস্তবায়নে আন্তর্জাতিক বিমান সংস্থা, আর্থিক প্রতিষ্ঠান এবং কৌশলগত বিনিয়োগকারীদের সহযোগিতা ও বিনিয়োগকে সরকার স্বাগত জানায়।

বাংলাদেশে সৌদিয়ার দীর্ঘদিনের কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, গত ৪৬ বছর ধরে প্রতিষ্ঠানটি বাংলাদেশে সফলভাবে সেবা দিয়ে আসছে। এ সময়ে লাখো যাত্রীর আন্তর্জাতিক ভ্রমণ সহজ করার পাশাপাশি প্রবাসী কর্মী এবং হজ ও ওমরাহযাত্রীদের নিরাপদ ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করেছে।

মন্ত্রী আরও বলেন, সৌদিয়া শুধু একটি আন্তর্জাতিক বিমান সংস্থাই নয়, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক) তানভীর গনি, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবনে ধাফের ইবনে উবাইয়া, সৌদিয়া ও এইচএসবিসির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিমান যোগাযোগ, বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন এবং জনগণের পারস্পরিক যোগাযোগ আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বৈশ্বিক সংযোগ সম্প্রসারণে বিমান চলাচল খাতের ভূমিকা এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!