আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টানা বৃষ্টিতে অনুশীলনে কিছুটা বিঘ্ন ঘটলেও লক্ষ্য থেকে সরে যেতে চান না অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তার আশা, এবার অন্তত ফাইনালে জায়গা করে নিতে পারবে বাংলাদেশ।
আগামী ১৯ সেপ্টেম্বর জাপানের আইচি-নাগোয়ায় শুরু হবে এশিয়ান গেমসের ক্রিকেট আসর। আট দলের টুর্নামেন্টে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে চীনের মুখোমুখি হবে। সেই ম্যাচে জিতলে সেমিফাইনালে প্রতিপক্ষ হতে পারে হারমানপ্রীত কৌরের ভারত।
আজ আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে জ্যোতি বলেন, গত আসরের তুলনায় আরও ভালো প্রস্তুতি নিয়ে টুর্নামেন্টে নামতে চায় বাংলাদেশ। তিনি বলেন, “দেশজুড়ে বৃষ্টির কারণে অনুশীলনে কিছুটা সমস্যা হচ্ছে। তারপরও আমরা সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি। আমাদের লক্ষ্য অবশ্যই ফাইনালে খেলা।”
এশিয়ান গেমসের পাশাপাশি সামনে থাকা আন্তর্জাতিক সূচিও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন জ্যোতি। বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর ২০২৭ সালের মাঝামাঝি ইংল্যান্ড সফরেও মাঠে নামবে দল।
বিশ্বের শক্তিশালী দলগুলোর বিপক্ষে নিয়মিত খেলার সুযোগকে নিজেদের উন্নতির বড় উপলক্ষ হিসেবে দেখছেন বাংলাদেশ অধিনায়ক। তার ভাষায়, “অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড কিংবা ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে খেললে নিজেদের আরও উন্নত করার সুযোগ তৈরি হয়।”
সম্প্রতি ইংল্যান্ডে অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার অভিজ্ঞতাও ভবিষ্যতে কাজে লাগবে বলে বিশ্বাস জ্যোতির। তিনি বলেন, “ইংল্যান্ডের কন্ডিশনে আমরা সম্প্রতি খেলেছি এবং ভালো কিছু অভিজ্ঞতা অর্জন করেছি। আশা করি, সেই অভিজ্ঞতা সামনের সফরগুলোতে আমাদের আত্মবিশ্বাস বাড়াবে।”
গত মাসে অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঁচ ম্যাচে দুটি জয় নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় বাংলাদেশ। তবে সেই অভিজ্ঞতাকে পুঁজি করেই সামনে আরও ভালো ফলের প্রত্যাশা করছে টাইগ্রেসরা।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!